আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়ে ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না রিঙ্কু সিংকে। পরিবারে মেডিক্যাল ইমার্জেন্সির জন্য বাড়ি ফিরলেন ভারতীয় তারকা। গত এক বছর ধরে রিঙ্কুর বাবার ক্যান্সারের চিকিৎসা চলছিল। লিভার ক্যান্সারের চতুর্থ স্টেজ। গত কয়েকদিনে অবস্থার অবনতি হয়। বর্তমানে ভেন্টিলেশনে আছেন। এই সময় পরিবারের পাশে থাকতে বাড়ি ফিরে যান। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চিদম্বরম স্টেডিয়ামে প্র্যাকটিস করে টিম ইন্ডিয়া। কিন্তু ছিলেন না রিঙ্কু। এই নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, বাবার অসুস্থতার জন্য বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু। চলতি টি-২০ বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে খেলছেন কেকেআরের তারকা। কিন্তু তেমন সুবিধা করতে পারেননি। ৫ ইনিংসে মাত্র ২৪ রান করেন। গড় ৮। আবার কবে রিঙ্কু দলের সঙ্গে যোগ দেবেন, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে জিম্বাবোয়ে ম্যাচে খেলার সম্ভাবনা নেই বলা যায়। যার ফলে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
এদিন বাকিরা নিয়মিত অনুশীলন করে। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। বল করার পর ব্যাট করেন অভিষেক শর্মা। এদিকে বোলিং কোচ মর্নি মরকেলের সঙ্গে আলাদা সেশনে দেখা যায় যশপ্রীত বুমরাকে। নেটে বল করেন অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ। বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ডু অর ডাই ম্যাচ। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে। দলে বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে। ফিরতে পারেন অক্ষর প্যাটেল। রিঙ্কুর জায়গায় কে খেলবেন সেটাই দেখার।
