আজকাল ওয়েবডেস্ক: তোমার সঙ্গে কতদিন কথা বলিনি। এতগুলো দিন কীভাবে যে তোমাকে ছাড়া কাটিয়ে ফেললাম! তোমাকে ছাড়া আগামীদিনগুলো আমি কীভাবে কাটাব জানি না। তবে জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাকে চাই।
সোশ্যাল মিডিয়ায় প্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হৃদয় উপুড় করে দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। বিশ্বকাপ চলাকালীন মারা গিয়েছেন রিঙ্কুর বাবা খানসিং।
ছেলের বিশ্বজয় আর দেখে যাওয়া হয়নি খানসিংয়ের। শোকসন্তপ্ত রিঙ্কু বিশ্বজয়ের পরে সোশ্যাল মিডিয়ায় বাবাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ''তুমি শিখিয়েছিলে কর্তব্য সবার আগে। তাই মাঠে আমি তোমার স্বপ্নগুলো সত্যি করার চেষ্টা করছিলাম। এখন তোমার স্বপ্নগুলো সত্যি হয়েছে। মনে হচ্ছে আমার পাশে যদি তুমি এখন থাকতে।''
রিঙ্কু আরও লিখেছেন, ''আমি প্রতিটি আনন্দের মুহূর্তে তোমাকে চাই। তোমাকে খুব মিস করছি বাবা।''
ক্রিকেট খেলার জন্য একসময় বাবার হাতে মার খেয়েছেন রিংকু সিং। একবার এক স্কুল টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন রিঙ্কু। মোটরবাইক পেয়েছিলেন পুরস্কার। তাঁর বাবা ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেই ফাইনাল দেখার পরে আর কোনও দিন রিঙ্কুর গায়ে হাত তোলেননি বাবা।
রিঙ্কুকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে উঠে পড়ে লেগেছিলেন বাবা খানচাঁদ সিং। ছেলের সাফল্য তিনি দেখেছেন। জাতীয় দলের হয়ে রিঙ্কু খেলছেন তাও দেখেছেন খানসিং।
গত বছর খানচাঁদ সিংকে দামি একটি স্পোর্টস বাইক উপহার দিয়েছিলেন রিঙ্কু। খানচাঁদ সেই সময়ে আবেগে ভেসে বলেছিলেন, ''আগে, গ্যাস এজেন্সিতে আমার বস আমাকে অপমান করতেন, কুৎসিত ভাষা ব্যবহার করতেন এবং আমাকে অন্য শ্রমিকের মতোই দেখতেন। এখন তিনি আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন এবং সাহেব বলে সম্বোধন করেন।''
