আজকাল ওয়েবডেস্ক:‌ অস্ট্রেলিয়ার ক্রিকেটের সেই ঐতিহ্য আর নেই। বিস্ফোরক মন্তব্য করলেন বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং। 


চলতি টি–২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ খেলে হার দুটি। জয় মাত্র একটিতে। তার মধ্যে একটি হার জিম্বাবোয়ের বিরুদ্ধে। যদিও বিশ্বকাপে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে অস্ট্রেলিয়ার। তবে সেটি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।


যদিও চোটের জন্য প্যাট কামিন্স, জস হ্যাজলেউডের মতো বোলারদের পায়নি অস্ট্রেলিয়া। কিন্তু এগুলো অজুহাত হতে পারে না। অজি ক্রিকেটের অন্যতম কিংবদন্তি রিকি পন্টিং বেশ বিরক্ত। তিনি বলছেন, ‘‌টুর্নামেন্টটা অস্ট্রেলিয়ার জন্য খুব খারাপ গেল। এটা বলতেই হবে।’‌ তাঁর কথায়, ‘‌চোটের জন্য কামিন্স ও হ্যাজলেউডকে পাওয়া যায়নি। টিম ডেভিডও শেষ মুহূর্তে ছিটকে গেল।’‌


এরপরই পন্টিংয়ের সংযোজন, ‘‌জিম্বাবোয়ের কাছ হারটাই সব শেষ করে দিল। এই হারটা নিয়ে গোটা দলের ভাবা উচিত।’‌ তিনি আরও যোগ করেছেন, ‘‌টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম শ্রীলঙ্কা ভাল খেলবে। ঘরের মাঠে ওরা বিপজ্জনক দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওরা দারুণ খেলেছে। খুব সুন্দর রান তাড়া করেছে। সবচেয়ে বড় কথা আইসিসি ইভেন্টে জিম্বাবোয়ে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। এতেই বোঝা যাচ্ছে টুর্নামেন্টে কোনও দলই ছোট নয়।’‌


এটা ঘটনা, আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ববারবরই শক্তিশালী দল। একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। একের পর এক বড় ক্রিকেটার সেই দলে এসেছেন। কিন্তু মিচেল মার্শের এই দলে সেরকম ক্রিকেটারের অভাব ছিল বলে মনে করেন পন্টিং। তাঁর কথায়, ‘‌কাগজে কলমে এই অস্ট্রেলিয়া দলটাকে আমার ওজনদার মনে হয়নি। দলে অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারের অভাব ছিল। তার উপর টপ অর্ডার ছন্দে ছিল না। জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরুতেই উইকেট হারিয়েছে।’‌ 


প্রশ্ন উঠছে টি–২০ বিশ্বকাপকে অস্ট্রেলিয়া গুরুত্ব দিতে চায়নি। পন্টিং বলেছেন, ‘‌সত্যি না মিথ্যে বলতে পারব না। মনে হয় অ্যাশেজের পর ক্রিকেটারদের একটু সময় লেগেছে তৈরি হতে। তার মধ্যেই বিশ্বকাপে এই পারফরম্যান্স। তাছাড়া বিগ ব্যাশও ছিল। ক্রিকেটাররা ক্লান্ত ছিল কিনা বলতে পারব না। তবে সেরা ক্রিকেটারদের না থাকাটা একটা সমস্যা তৈরি করেছে।’‌