আজকাল ওয়েবডেস্ক: এমন অভিনব ঘটনা আগে ঘটেছে কখনও! টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে ছিটকে গিয়েছে পাকিস্তান। তার পরই সংবাদমাধ্যমে লেখা হয়েছে, পিসিবি প্রতিটি ক্রিকেটারকে পাকিস্তানি মুদ্রায় পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পরে পিসিবি-র এই জরিমানা বলে জানানো হয়েছে। এবারের মেগা টুর্নামেন্টে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান। 

গ্রুপে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিরুদ্ধে পাকিস্তান জিতলেও ভারতের কাছে হার মেনেছিলেন সলমন আলি আঘার দল। 

সুপার এইটে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ইংল্যান্ডের কাছেও হার মানে পাকিস্তান। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হত। সেই জায়গায় মাত্র ৫ রানে ম্যাচ জেতে পাকিস্তান। ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় তাদের। 

এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানে হারের পরই পাক ক্রিকেটারদের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 
পিসিবি-কর্তারা ক্রিকেটারদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবার থেকে কেবল পারফরম্যান্সের ভিত্তিতেই আর্থিক সুবিধা পাওয়া যাবে। 

সূত্রের খবর, প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। পিসিবি-র তরফে জানানো হয়েছে, ক্রিকেটাররা যদি ভাল পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হন, তাহলে খারাপ পারফরম্যান্সের জন্যও তাঁদের জরিমানা দিতে হবে। 

ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরই নাকি এহেন সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল পাকিস্তান দলকে। 

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, এ ক্যাটেগরির ক্রিকেটারদের মাসিক বেতন পাকিস্তানি মুদ্রায় ৪৫ লক্ষ টাকা। এছাড়াও আইসিসি-র রাজস্ব থেকে পাকিস্তানি মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা পেয়ে থাকেন এ ক্যাটেগরির ক্রিকেটাররা। 

বি ক্যাটেগরির ক্রিকেটাররা পাকিস্তানি মুদ্রায় প্রতি মাসে ৩০ লক্ষ টাকার পাশাপাশি পাকিস্তানি মুদ্রায় প্রায় ১৫ লক্ষ টাকা পেয়ে থাকেন। সি ক্যাটেগরির ক্রিকেটাররা প্রতি মাসে পাকিস্তানি মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা এবং আইসিসি-র রাজস্ব থেকে প্রায় ১০ লক্ষ টাকা পেয়ে থাকেন। ডি ক্যাটেগরির ক্রিকেটাররা আবার পাকিস্তানি মুদ্রায় প্রায় সাড়ে সাত লক্ষ টাকা এবং আইসিসি-র রাজস্ব থেকে প্রায় ৫ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা পান। 

কেবলমাত্র পাক ক্রিকেটারদেরই যে জরিমানা করা হয়েছে তা নয়, দলের কোচ মাইক হেসনও তীব্র সমালোচিত। সলমন আলি আঘার নেতৃত্ব কেড়ে নেওয়া হলেও অবাক হওয়ার কিছু নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই সলমন আলি আঘার দিকে উড়ে এসেছিল প্রশ্ন, ''আপনি কি পাকিস্তানের ডামি ক্যাপ্টেন? আপনি কি এবার নেতৃত্ব ছাড়বেন?''