আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির তাঁকে 'স্লগার' বলেছিলেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি। সেই আমির এবার অভিষেককে জনসমক্ষে বার্তা দিয়েছেন।
টানা তিনটি ম্যাচে শূন্য করার পরে প্রোটিয়াদের বিরুদ্ধে অভিষেক শর্মা ১২ বলে ১৫ রান করেন।
ভারতের তারকা ওপেনারকে ব্যর্থ হতে দেখে পাকি টিভিতে মহম্মদ আমির আবার ভারতের বাঁ হাতি ওপেনারকে নিয়ে পড়েছেন। আমির বলেছেন, ''আমি বোলারের নিরিখে অভিষেককে স্লগার বলেছিলাম। আমার কথা ভালভাবে নেননি মানুষ। আমি ওর টেকনিক নিয়ে কথা বলছিলাম। আমি স্লগার শব্দটা ব্যবহার করেছিলাম বলে মানুষ খারাপ ভাবে নিয়েছিল।''
আমির আরও ব্যাখ্যা করে বলেন, ''আমি ওর টেকনিক নিয়ে বলেছিলাম। ভাল দল, ভাল বোলার ওকে ফাঁদে ফেলে দেবে। ও যে ১৫ রান করেছে, সেটা দেখলেই বোঝা যাবে, অভিষেক একদিকে বল মেরেছে। বাজে বলে রান করেছে। কিন্তু রাবাদা যেই ভাল বল করতে শুরু করে দিল, তখন বলের নাগাল পায়নি।''
সেই অভিষেক সম্পর্কে আমির বলছেন, ''ও ভাল খেলোয়াড়। তিনটি ম্যাচে শূন্য করলেও ওর মধ্যে একই তীব্রতা নিয়ে ব্যাট করে গিয়েছে। ব্যাক ফুটে গিয়ে ও খেলেনি। ও খুব ইতিবাচক।''
এর পরেই সর্বসমক্ষে অভিষেকের জন্য বার্তা দেন আমির। তিনি বলেন, ''সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার বার্তা যদি অভিষেকের কাছে পৌঁছয়, তাহলে আমি বলতে চাই, আন্তর্জাতিক ক্রিকেটের সামনে তোমার টেকনিক ফাঁস হয়ে গিয়েছে। তুমি যদি ধৈর্য ধরে খেলো এবং বলের মান বিচার করে ব্যাট করো, তাহলে ভাল হবে। ওর দক্ষতা রয়েছে। তবে সেই দক্ষতা ও কীভাবে কাজে লাগাবে সেটাই দেখার। আমি এই অর্থেই বলেছিলাম। মানুষ খারাপ ভাবে নেয়।''
অভিষেক শর্মা রানে নেই। এর পরে ভারতের ম্যাচ রয়েছে জিম্বাবোয়ের সঙ্গে। সেই ম্যাচে কি অভিষেককে রিজার্ভ বেঞ্চে রেখে খেলতে নামবে ভারত?
