আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করতে না করতেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করেছে অজিরা। কুঁচকির চোটের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ছিটকেই গেলেন টুর্নামেন্ট থেকে। চলতি সপ্তাহের গোড়ার দিকে ট্রেনিংয়ের সময়ে কুঁচকিতে চোট পান মার্শ। সেই যে চোট পেলেন আর সুস্থ হতে পারলেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া আয়ারল্য়ান্ড ম্যাচের আগে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়ে দিল মিচেল মার্শ চোটের জন্য ছিটকে গেলেন। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানা গেল, মিচেল মার্শ চোট সারিয়ে উঠতে পারেননি। অস্বস্তি বোধ করতে থাকেন। যন্ত্রণা-চোট এতটাই যে মিচেল মার্শ হাঁটতে পর্যন্ত পারছেন না। বিশ্রাম নিতে হবে মার্শকে। 

কবে মার্শ আবার নামবেন তা বলা কঠিন। ওপেনারের অংশগ্রহণ অনিশ্চিত। অস্ট্রেলিয়ার নির্বাচকরা স্ট্যান্ড বাই হিসেবে স্টিভ স্মিথকে শ্রীলঙ্কা পাঠাচ্ছে। 

দ্বীপরাষ্ট্রের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানানোর চেষ্টা করবেন স্মিথ। সেই সঙ্গে প্রস্তুতিও নেবেন। যদি দরকার হয় নেমে পড়বেন অস্ট্রেলিয়ার হয়ে। 

অ্যাশেজের পরে বিগ ব্যাশ লিগে যোগ দিয়েছিলেন স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে মরশুমের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৬টি ইনিংসে ২৯৯ রান করেন স্মিথ। একটি শতরান ও দুটি পঞ্চাশ করেন তিনি। 

মার্শ নামতে না পারায় ট্রাভিস হেড দলকে নেতৃত্ব দিচ্ছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ট্রাভিস হেড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই চোট ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ছিটকে গিয়েছিলেন। বিবিএল খেলার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন টিম ডেভিড। কিন্তু আয়ারল্যান্ড ম্যাচের আগে তিনি পুরোদস্তুর সুস্থ হয়ে উঠতে পারেননি।