আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে সুপার এইটে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দুটো দলেরই কাছে মরণবাঁচনের। 

সেই ম্যাচের আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ষষ্ঠ বোলার প্রয়োগ করতে টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

ভারতের প্রাক্তন মারকুটে ওপেনার বলছেন, ''দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরেও আমি বলেছিলাম চেন্নাইয়ে ভারত জিতবে। কাপ জেতার দৌড়ে থাকবে। এই দলটা দারুণ শক্তিশালী দল। অর্শদীপ দারুণ বোলিং করছে। বুমরাহও তাই। বরুণ  আর হার্দিক মোটামুটি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ষষ্ঠ বোলারকে ব্যবহার করো না।'' 

জিম্বাবোয়ের বিরুদ্ধে শিবম দুবের হতশ্রী বোলিং দেখার পরেই শ্রীকান্ত এহেন মন্তব্য করেছেন। ২ ওভারে ৪৬ রান দিয়েছেন শিবম দুবে। 

ভারতের বোলিং নিয়ে কি সমস্যা আছে? শ্রীকান্ত বলছেন, ''বোলিং চিন্তার কারণ বলে আমার মনে হচ্ছে না। দারুণ ব্যাটিং ট্র্যাক ছিল। আমার একটা চিন্তার জায়গা। সেটা হল ষষ্ঠ বোলার। দুবে কোন জায়গায় বলটা ফেলছিল দেখেছেন কি? ষষ্ঠ স্টাম্পে। এরকম বোলিং আমি দেখিনি কোনওদিন।'' 

তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য আরও বলেন, ''অনেক রান হাতে ছিল বলে দুবেকে বোলিং প্র্যাকটিস করানো হচ্ছিল। নেট রান রেটের প্রশ্ন আর নেই। এবার ম্যাচ জিততে হবে।'' এছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই।