আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। দেশে শুরু হয়ে গিয়েছে সমালোচনা আর সমালোচনা। সলমন আলি আঘাকে সাংবাদি বৈঠকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, আপনি কি পাকিস্তানের পুতুল অধিনায়ক? এবার কি আপনি সরে দাঁড়াবেন? পাকিস্তানের পরাজয়ের পরে প্রাক্তন উইকেট কিপার-ব্যাটার কামরান আকমল গর্জে উঠেছেন। বলেছেন, আমরা কেবল লিলিপুট দেশকেই হারাতে পারি। 

কামরান আকমল বলেন, ''টি-টোয়েন্টির দাবির সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করেছে দলগুলো। আর আমাদের খেলোয়াড় বা আমাদের টিম সেই মানের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। মনে হচ্ছে যেন অন্য দলগুলো চাঁদে পৌঁছে গিয়েছে, আর আমরা এই পৃথিবীতেই পড়ে রয়েছি। আমরা কেবল দুর্বল-লিলিপুট দেশকেই হারাতে পারি। আর কাউকে নয়।'' 

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়ার আগেই জানা গেল সলমন আলি আঘাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেল। শেষমেশ অবশ্য পাকিস্তান ম্যাচটা জিতে নিল পাঁচ রানে। পাকিস্তান করেছিল ৮ উইকেটে ২১২ রান। শ্রীলঙ্কার ইনিংস থেমে গেল ৬ উইকেটে ২০৭ রানে।  

শেষ চারে জায়গা পাকা করতে হলে পাকিস্তানকে অন্তত ৬৫ রানে ম্যাচ জিততে হতো। তার জন্য শ্রীলঙ্কাকে আটকে রাখতে হতো ১৪৭ রানের মধ্যে। 

পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়ার আগেই জানা গেল সলমন আলি আঘাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেল। আর তার পরই সলমন আলি আঘার দিকে উড়ে এল তেতো প্রশ্ন। সাংবাদিক বৈঠকে প্রশ্ন উড়ে এল ক্যাপ্টেন্সি নিয়ে। খেলার শেষে সাংবাদিক বৈঠকে পাক অধিনায়কের দিকে ধেয়ে এল প্রশ্ন, ''আপনি কি নিজেকে পাকিস্তানের ডামি ক্যাপ্টেন বলে মনে করেন? আপনি নিজেই কি পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন? নাকি পিসিবি-র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন?'' 

৩২ বছর বয়সী অধিনায়ক জবাবে বলেন, ''আমি যদি উত্তর না দিই, তাহলে অসম্মান করা হবে। এখনই যদি আমি সিদ্ধান্ত নিই, তাহলে আবেগঘন সিদ্ধান্ত হয়ে যাবে। দেশে ফিরে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখব।'' আকমল বলেছেন, ''সলমন আলি আঘা অত্যন্ত দুর্বল নেতৃত্বের পরিচয় দিয়েছে।''