আজকাল ওয়েবডেস্ক:  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড। কিউয়ি  ওপেনার ফিন অ্যালেনের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল প্রোটিয়া ব্রিগেড। ৩৩ বলে ১০০ রান করে ফিন অ্যালেন অপরাজিত থেকে যান। ১০টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। 

নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে দরকার ছিল মাত্র ১ রান। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে অ্যালেনের দরকার ছিল ৪ রান। জ্যানসেনকে বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি করেন কিউয়ি ওপেনার। টি–টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৬ সালে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান দৈত্য। রেকর্ড যে গড়া হয় ভাঙার জন্যই। অ্যালেন আরও একবার তা প্রমাণ করলেন। 

 

তাঁর সঙ্গী ওপেনার সেইফার্ট ৫৮ রানের ঝড় তোলেন। সেইফার্ট ফিরে যাওয়ার পরে রাচীন রবীন্দ্র অপরাজিত থেকে যান। 

ইডেনে নিউজিল্যান্ডের জয়ের এই তিন কারিগরকে দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন কেকেআর কর্তৃপক্ষ। এই তিন কিউয়ি তারকাই যে কলকাতা নাইট রাইডার্সের সদস্য। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় এই তিন কিউয়ি তারকার ছবি দিয়ে লেখা হল, আসন্ন গ্রীষ্মে ইডেনে কী অপেক্ষা করছে, তার নমুনা দেখা গেল। রাচীন রবীন্দ্রর ছবির পাশে লেখা ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রানের বিনিময়ে ২ উইকেট। ফিন অ্যালেনের ছবির পাশে ৩৩ বলে ১০০। আর সেইফার্টের ছবির পাশে লেখা ৩৩ বলে ৫৮ রান। 

অ্যালেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ১৬৯ রান ১২.৫ ওভারেই তাড়া করে ফেলে নিউজিল্যান্ড। এতেই বোঝা যাচ্ছে ম্যাচ একতরফা করে ফেলেছিল কিউয়িরা। ইডেনের নায়ক আজ ফিন অ্যালেন। আসন্ন আইপিএলে শাহরুখ খানের দলের জার্সি পরে তিনি যে মাঠ মাতাবেন তার নমুনা আজ দেখিয়ে গেলেন। 

 

 

আইপিএল শুরুর আগেই তিন কিউয়ি তারকা কিন্তু দেখিয়ে দিলেন এবারের মেগা ইভেন্ট  তাঁরা মাতিয়ে দেবেন। আইপিএল ঝড়ের আগে বিশ্বকাপ মাতালেন তাঁরা। এখনও অবশ্য ফাইনাল বাকি। ইডেনের সেমিফাইনাল কিন্তু কেকেআর ভক্তদের নিশ্চিন্ত করে গেল।