আজকাল ওয়েবডেস্ক: সেই একপেশে ম্যাচ। আর ভারত হারাল পাকিস্তানকে। ৬১ রানে। এটা ঘটনা, পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে চলে গেল টিম ইন্ডিয়া। সেখানে তিনটি ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের। কবে কবে সেই ম্যাচ হবে তা–ও জানা গিয়েছে।
বিশ্বকাপের সুপার এইটে দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ ‘এক্স’ ও গ্রুপ ‘ওয়াই’। গ্রুপ পর্বে প্রতিটি দল থেকে যে দুই দল নক আউটে উঠবে তাদের আলাদা আলাদা গ্রুপে রাখা হবে। তবে সুপার এইটে আটটি দল আগে থেকে ধরে রাখা হয়েছে। তারা গ্রুপ পর্বে যে স্থানেই শেষ করুক না কেন, নক আউটে নির্দিষ্ট জায়গাতেই খেলবে।
যেমন, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হোক, বা দ্বিতীয় স্থানেই শেষ করুক, তারা এক্স গ্রুপের প্রথম দল (এক্স ১)। এই গ্রুপের বাকি তিন দল ধরা হয়েছে অস্ট্রেলিয়া (এক্স ২), ওয়েস্ট ইন্ডিজ (এক্স ৩) ও দক্ষিণ আফ্রিকা (এক্স ৪)। তার মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সুপার এইট পাকা। ঠিক তেমনই ওয়াই গ্রুপের চারটি দল ধরে রাখা আছে ইংল্যান্ড (ওয়াই ১), নিউজিল্যান্ড (ওয়াই ২), পাকিস্তান (ওয়াই ৩) ও শ্রীলঙ্কা (ওয়াই ৪)।
যদি কোনও দল এই তালিকায় থাকা কোনও দলের বদলে সুপার এইটে ওঠে, তাহলে তার জায়গা নেবে তারা। যেমন, যদি অস্ট্রেলিয়ার বদলে সেই গ্রুপ থেকে জিম্বাবোয়ে ওঠে তাহলে অস্ট্রেলিয়ার বদলে তাদের জায়গা হবে এক্স ২।
এদিকে, ১ মার্চ ‘এক্স ১’ বনাম ‘এক্স ৩’ ম্যাচ রয়েছে। অর্থাৎ, সেদিন কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হবে। এই ম্যাচের সূচি ঠিক হয়ে গিয়েছে। ভারতের বাকি দুই ম্যাচ ২২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি। ২২ তারিখ আমেদাবাদ ও ২৬ তারিখ চেন্নাইয়ের মাঠে খেলা। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা পড়বে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধে ৭টা থেকে।
এখন পর্যন্ত গ্রুপ পর্বের যা হাল তাতে দক্ষিণ আফ্রিকা সুপার এইটে চলে গিয়েছে। ইতিমধ্যেই গ্রুপ ডি–র শীর্ষে তারা। অস্ট্রেলিয়া অবশ্য চাপে রয়েছে। তাদের বদলে নক আউটে ওঠার সুযোগ রয়েছে জিম্বাবোয়ের। যদি তেমনটা হয়, তাহলে ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বদলে জিম্বাবোয়ের মুখোমুখি হবেন সূর্যেরা।
