আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নভঙ্গের স্টেডিয়ামে স্বপ্নপূরণ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বপ্নের রাত। একপেশে ম্যাচে ৯৬ রানে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেয় টিম ইন্ডিয়া। ব্যাট হাতে জ্বলে ওঠেন সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা। বলে একাই বাজিমাত যশপ্রীত বুমরার। তাঁর ৪ উইকেটে ১৫৯ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বিজয়ী উৎসব নিয়ে প্রশ্ন করা হয়। অভিষেক শর্মা, তিলক বর্মারা জানান, অনেক রাত পর্যন্ত উৎসব চলার কথা। এবার ভারতের ড্রেসিংরুমের অন্দরমহলে প্রবেশ করালেন ওয়াশিংটন সুন্দর। জানালেন, কীভাবে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয় উদযাপন করেছে। জানান, এই সেলিব্রেশন কয়েকদিন ধরে চলবে।
ওয়াশিংটন বলেন, 'গভীর রাত পর্যন্ত সেলিব্রেশন চলেছে। পরের কয়েকদিনও উৎসব চলবে। আমরা একসঙ্গে বসে গল্প করেছি। তবে এটা শুধু এক রাতের ব্যাপার নয়। আমার বিশ্বাস, কয়েকদিন ধরে চলবে। শুধুমাত্র প্লেয়ার এবং সাপোর্ট স্টাফরা নয়, পুরো দেশ একসঙ্গে সেলিব্রেট করবে। এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।' অভিষেক শর্মা নিউজিল্যান্ডের শেষ উইকেট পাওয়া মাত্র উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। পরিবারের সঙ্গে বিশ্বকাপ জয় পালন করে ভারতীয় ক্রিকেটাররা। ডাগআউটের চিত্র তুলে ধরেন ওয়াশিংটন। জানান, নিজেকে 'বিশ্বচ্যাম্পিয়ন' বলতে পেরে গর্বিত।
ওয়াশিংটন বলেন, 'অসাধারণ অনুভূতি। বিশ্বকাপ জয়ের মুহূর্ত ভোলার নয়। সবাই অত্যধিক খুশি। তারমধ্যে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়ে। এগুলোই আসল অনুভূতি। আমরা ম্যাচ জেতার জন্য নিজেদের নিংড়ে দিয়েছি। আমরা যা চেয়েছিলাম, সেটা পেয়েছি। আমি ডাগআউটে ছিলাম। আমরা শেষ উইকেটের অপেক্ষা করছিলাম। যাতে আমরা সেলিব্রেশন শুরু করতে পারি এবং নিজেদের বিশ্বচ্যাম্পিয়ন ভাবতে পারি। দুর্দান্ত অনুভূতি।' বিশ্বকাপ শেষ। এবার কয়েকদিনের বিশ্রাম। তারপর আবার ফোকাস আইপিএল।
