আজকাল ওয়েবডেস্ক:‌ সুপার এইটের আগে ভারতীয় দলে ফের চিন্তার কালো মেঘ। অনুশীলনে চোট পেলেন মহম্মদ সিরাজ। শুক্রবার সন্ধেয় আমেদাবাদে অনুশীলনের সময় এই ঘটনা ঘটে। কাতরাতে কাতরাতে মাঠ থেকে বেরিয়ে যান হায়দরাবাদি পেসার।


প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপ শুরুর আগেই চোট সমস্যায় ভুগছে টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা একটি ম্যাচ খেলেই হাসপাতালে ছুটেছিলেন। সুস্থ হয়ে মাঠে ফিরলেও রানে নেই। বুমরাও হালকা চোটের জন্য একটি ম্যাচ খেলেননি। ওয়াশিংটন চোট সারিয়ে দলে ঢুকলেও এখনও অবধি খেলেছেন একটি ম্যাচ। হর্ষিত রানা তো ছিটকেই গিয়েছেন। তাঁর বদলে দলে এসেছিলেন মহম্মদ সিরাজ।


আমেরিকার বিরুদ্ধে ম্যাচে তিন উইকেটও নিয়েছিলেন সিরাজ। তারপর আর প্রথম এগারোয় জায়গা হয়নি। সেই সিরাজ শুক্রবার চোট পেয়ে গেলেন। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনের সময় হার্দিকের জোরালো একটি শট সিরাজের বাঁ হাঁটুতে লাগে। হার্দিকের শটে এতটাই জোর ছিল যে সিরাজ রীতিমতো কাতরাচ্ছিলেন। এরপর তিনি নেটের বাইরে চলে যান। 


যদিও আমেরিকা ম্যাচের পর সিরাজ আর খেলেননি। পেস আক্রমণ সামলাচ্ছেন বুমরা ও অর্শদীপ। সঙ্গে হার্দিক ও দুবে রয়েছেন। তাই সিরাজের চোট অতটা প্রভাব হয়ত ফেলবে না টিম কম্বিনেশনে। তবে আর কোনও পেসার চোট পেলে কিন্তু সমস্যা হবে। যদিও সিরাজের চোট কতটা গুরুতর সে বিষয়ে টিম ম্যানেজমেন্ট বা বিসিসিআই সরকারিভাবে কিছু জানায়নি।

এদিকে, টি–২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে শনিবার থেকে। তার আগে নকআউট পর্বে আম্পায়ারদের তালিকা প্রকাশ করল আইসিসি।


রবিবার আমেদাবাদে টি–২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে আম্পায়ার থাকবেন রিচার্ড কেটলবরো এবং ক্রিস গ্যাফনি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন।


সুপার এইট পর্ব শুরু হবে শনিবার কলম্বোতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। ওই ম্যাচে মাঠে আম্পায়ার থাকছেন রড টাকার ও পল রাইফেল। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার থাকবেন স্যাম নোগাজস্কি। ১ মার্চ কলকাতায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সুপার এইট পর্বের শেষ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গ্যাফনি ও ওয়ার্ফ।


সুপার এইট পর্বে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেন রঞ্জন মধুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগল শ্রীনাথ।