আজকাল ওয়েবডেস্ক: টি-২০ ফাইনালে কি দলে জায়গা পাওয়া উচিত অভিষেক শর্মার? হাইপ্রোফাইল ম্যাচের আগের দিন থেকে এই নিয়ে তুমুল চর্চা চলছে। কোনও রাখঢাক না করে গৌতম গম্ভীরকে কড়া বার্তা দেন মহম্মদ কাইফ। বর্তমানে ফর্মের ধারেকাছে নেই অভিষেক। এই মুহূর্তে দলের সবচেয়ে দুর্বল জায়গা তিনি। অনেকেই মনে করছেন, ফাইনালে বাদ পড়বেন অভিষেক। কাইফও বাঁ হাতি ওপেনারকে বিশ্রাম দেওয়ার পক্ষে। সাত ইনিংসে মাত্র ৮০ রান অভিষেকের। তারমধ্যে একমাত্র জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি অর্ধশতরান। গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্রী আউট হন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মাত্র ৯ রান করেন।
নিজের ইউ টিউব চ্যানেলে কাইফ বলেন, 'অভিষেক শর্মাকে বিশ্রাম দিতে পারে ভারত। অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে। দলে পরিবর্তন আনতে কোনও সমস্যা নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এরকম করা যেতেই পারে। ব্র্যান্ডন কিং ফর্মে ছিল না বলে ভারতের বিরুদ্ধে রোস্টন চেজ ওপেন করেন। পাঁচ-ছয় ম্যাচে দল তাঁর পাশে ছিল। কিন্তু বড় ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। যেমন সঞ্জু স্যামসনকে দলে আনা সঠিক সিদ্ধান্ত ছিল। খুব ভাল খেলছে। এই পরিবর্তন কাজে দিয়েছে।'
অভিষেককে বিশ্রাম দেওয়া হলে, তাঁর বদলে কাকে ওপেনিংয়ে দেখছেন কাইফ? ভারতের প্রাক্তনীর পছন্দ শুনলে অবাক হতে হবে। তিনি চান, রিঙ্কু সিং ওপেন করুক। যদি ভারতীয় দল একজন বোলারকে খেলাতে চায়, তাহলে কুলদীপ যাদব বা মহম্মদ সিরাজকে খেলানো যেতে পারে। কাইফ বলেন, 'ভারতে অনেক পরীক্ষিত প্লেয়ার আছে। রিঙ্কু সিং সব জায়গায় রান করতে পারে। টেস্ট হোক, রঞ্জি ট্রফি হোক বা আইপিএল। কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজও যেকোনও সময় উইকেট নিতে পারে। আমার মতে অভিষেকের বদলে রিঙ্কু ওপেন করতে পারে। একজন খেলতে পারছে না, আর অন্যজন ভাল খেলেও বাইরে বসে আছে।' বিশ্বকাপের আগে সঞ্জু স্যামসনের ফর্ম নিয়েও প্রচুর চর্চা হয়। কিন্তু দুটো ম্যাচ উইনিং ইনিংস খেলে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলকে জেতানোর পর ইংল্যান্ডের বিরুদ্ধেও ম্যাচের সেরা হন তিনি।
