আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণ পরই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ কমজোরী হলেও, এই ম্যাচটা গৌতম গম্ভীরের জন্য গুরুত্বপূর্ণ। দিল্লি শুধু তাঁর ঘরের মাঠই নয়, এই স্টেডিয়াম তাঁকে গম্ভীর করে তুলেছে। তাঁর নামে একটি স্ট্যান্ডও আছে। দিল্লি পৌঁছনোর পর গোটা ভারতীয় দলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়ার হেড কোচ। টিম স্পোর্টসে একতার গুরুত্ব কতটা সেটা তুলে ধরেন। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে পর্দার আড়ালের পরিস্থিতি তুলে ধরেন ভারতের কোচ। গম্ভীর বলেন, 'দিল্লিতে খেলা সবসময় স্পেশাল কারণ আমি বাড়িতে পরিবারের সঙ্গে থাকতে পারব।এই পেশাটা খুবই চ্যালেঞ্জিং।' আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সময় একাকীত্ব এবং মানসিক চাপ গ্রাস করে। জানান, বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্ট স্টাফরা সহকর্মীর থেকেই বেশি হয়ে যায়। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'সাপোর্ট স্টাফ শুধু সাপোর্ট স্টাফ থাকে না। ওরা পরিবারের থেকেও বড় হয়ে যায়।' 

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। তারপরই পাকিস্তান ম্যাচ। কিন্তু ড্রেসিংরুমে খোলামেলা পরিবেশ রাখতে চান টিম ইন্ডিয়ার হেড কোচ। গম্ভীর বলেন, 'ম্যাচ শুরু হলে স্বাভাবিকভাবেই চাপ বেড়ে যায়। কিন্তু ড্রেসিংরুম এবং প্র্যাকটিসে আমরা ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করি। মজা করি।' তবে এমন ড্রেসিংরুম যে সবসময় পাওয়া যায় না সেটাও মেনে নিলেন। টিম ইন্ডিয়ার হেড কোচ জানান, ড্রেসিংরুমের মেজাজ অনেকটাই নির্ভর করে অধিনায়কের ওপর। গম্ভীর বলেন, 'একমাত্র উইনিং ড্রেসিংরুমে প্রবেশের সময় প্লেয়ার এবং সাপোর্ট স্টাফরা হাসতে পারে। জয়ী ড্রেসিংরুম সবসময় হাসিখুশি থাকে।' মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং বিপর্যয় সামলাতে হয়েছে। নিজের ঘরের মাঠে কোনও অঘটন চান না গৌতি।