আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে ভারত ফাইনাল খেলতে নামবে রবিবার। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার ও উমর গুল মনে করছেন ভারতই চাপে থাকবে। সূর্যকুমার যাদবদের মাথায় কাজ করবে এই আহমেদাবাদেই ২০২৩ সালের ফাইনালে ভারত হার মেনেছিল পঞ্চাশ ওভারের বিশ্বকাপে। 

সুপার এইটে ভারত হার মেনেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। তার পরে ভারতের সেমিফাইনালে ওঠা নিয়ে চিন্তার কারণ দেখা দিয়েছিল। কিন্তু ভারত জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে মাটি ধরিয়ে সেমিফাইনালে ওঠে। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালের টিকিট জোগাড় করে নেয়। 

মেগাফাইনালের আগে শোয়েব আখতার পাক টিভির অনুষ্ঠান 'গেম অন হ্যায়' শো-তে বলেছেন, ''আহমেদাবাদের উইকেটে বল পড়ে যদি থমকে যায় তাহলে তা স্পিনারদের সাহায্য করবে। সেক্ষত্রে রান হতে ২০০ বা ১৭৫। নিরাপদ রান হতে পারে দুশো প্লাস। ভারতের বিরুদ্ধে ২৫০ বা ২২৫ কি করতে পারবে নিউজিল্যান্ড? যদি ওরা পারে, তাহলে ভারত কিন্তু চাপে থাকবে।'' 

তিনি আরও বলেন, ''দিনের আলোর মতো এটা পরিষ্কার ভারত তৈরি হয়েই খেলতে নামবে। ভারতের সামনে নিউজিল্যান্ড কিন্তু চাপে থাকবে। তবে দেড় বিলিয়ন মানুষের প্রত্যাশার চাপ থাকবে ভারতের উপরে। বিশ্বকাপ ফাইনালে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল।'' 

শোয়েব আখতার আরও বলছেন, ''আমার মতে ভারতই চ্যাম্পিয়ন হবে। তবে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার এটা বড় সুযোগ।'' 

শোয়েবের পাশাপাশি উমর গুল বলছেন, ''নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। ঘরের টিমের বিপুল জনসংখ্যার জন্য ভারত চাপে থাকবে। নিউজিল্যান্ড সম্প্রতি ভারতে সিরিজ জিতেছে। স্পিন ট্র্যাকে খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারতও এটা মাথায় রাখবে এই দলটা আমাদের বিরুদ্ধে খেলে জিতেছিল। নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে আত্মবিশ্বাস। ফাইনাল জমজমাট হবে।''