আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে নিউজিল্যান্ডের বড় হারের পর নিজের ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন শুনেই বিরক্তি প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতের প্রতিটা ম্যাচের আগেই ভবিষ্যদ্বাণী করেছেন আমির। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়া প্রত্যেক ম্যাচে ডাহা ফেল করেছেন তিনি।
আবার পরবর্তী ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করে ভারতকে হারিয়েছেন। কিন্তু টিম ইন্ডিয়া কাপ জেতার পর জ্যোতিষীগিরি নিয়ে প্রশ্ন তোলায় রেগে গেলেন আমির। ফাইনালের আগে আমির বলেছিলেন, নিউজিল্যান্ডই ট্রফি জিতবে।
কিন্তু সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ৯৬ রানে জয় তুলে নিয়ে তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়। ম্যাচ শেষে যখন আমিরকে তাঁর ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বেশ ঠান্ডা কিন্তু উদাসীন সুরে জবাব দেন।
আমির বলেন, ‘ওরা জিতেছে, ঠিক আছে। ট্রফিটা ওরাই বাড়ি নিয়ে যাবে, আমার বাড়িতে তো আনবে না। ইন্ডিয়া ভাল খেলেছে।’ পরে পাকিস্তানের ‘হারনা মানা হ্যায়’ নামক এক অনুষ্ঠানে ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে আমির বলেন, ‘নিউজিল্যান্ডের বোলাররাই ভারতের শিরোপা জয়ের পথ সহজ করে দিয়েছে। তাঁর মতে, ব্ল্যাকক্যাপস বোলাররা অত্যন্ত ঢিলেমির সঙ্গে বোলিং করেছেন।’
তিনি বলেন, ‘অদ্ভুতভাবে নিউজিল্যান্ডের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। ওরা অফ স্টাম্পের বাইরে পরপর চারটে ওয়াইড করল। তারপরে ব্যাটে বল করে সেখান থেকে ছয় খেল। খুবই ঢিলেমি দিয়ে বোলিং করেছে ওরা।’
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন আমির। তাঁর মতে, অভিষেক শর্মা অফ-স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়েন, সেটা জানা সত্ত্বেও বুদ্ধি দিয়ে বোলিং করেনি নিউজিল্যান্ড।
আমির আরও বলেন, ‘সবাই জানে অভিষেক শর্মা অফ-স্পিনে সমস্যায় পড়েন। তাহলে শুরুতেই স্পিন আনা উচিত ছিল। কিন্তু তারা অন্য বোলারদের দিয়ে অদ্ভুত পরিকল্পনায় বোলিং করিয়েছে।’
লকি ফার্গুসনের বোলিং নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। আমিরের মতে, ফার্গুসনের বোলিং এদিন একেবারেই সাধারণ মানের ছিল।
শেষে আমির বলেন, 'ফাইনালের চাপই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে।২০০৪-০৫ সাল থেকে আমি নিউজিল্যান্ডের খেলা দেখছি। এত চাপের মধ্যে ওদের আগে খেলতে দেখিনি। হয়তো দর্শকদের চাপ, হয়তো ফাইনাল বলেই এমন হয়েছে। ভারতের মানসিক দৃঢ়তাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে।’
