আজকাল ওয়েবডেস্ক: দু'বছর আগের ১৯ নভেম্বরের রাতটা ভুলতে পারেননি। চোখের জলে নিজের স্টেডিয়াম থেকে বিদায় নিতে হয়েছিল। একদিনের বিশ্বকাপের আক্ষেপ মেটালেন যশপ্রীত বুমরা।‌ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা। ৪ ওভারে ১৫ রানে চার উইকেট তুলে নেন বিশ্বের একনম্বর পেসার। বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা হন সঞ্জু স্যামসন। কিন্তু বুমরা হলেও অবাক হওয়ার কিছু ছিল না। প্রত্যেক ম্যাচে দলকে বিপদের মুখ থেকে বাঁচান। বরাবরই টিম ইন্ডিয়ার পরিত্রাতা বুম বুম। ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পেরে আবেগতাড়িত। জানান, অতীত থেকে শিক্ষা নিয়েই এই জায়গায় পৌঁছেছেন। বুমরা বলেন, 'আমার কাছে এই জয়টা বিশেষ। দু'বছর আগে এখানে বিশ্বকাপ জিততে পারেনি। তাই এই জয়টা স্পেশাল। আমি মোটিভেটেড ছিলাম। উইকেট পাটা ছিল। আমি নিজের অভিজ্ঞতা কাজে লাগাই। প্ল্যানমাফিক এগোতে পেরেছি।'

ছোটবেলায় এই স্টেডিয়ামে খেলে বেড়ে উঠেছেন। মোতেরায় প্রথম ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন। তাই আজকের দিন কোনওদিন ভুলতে পারবেন না। বুমরা বলেন, 'আমি এখানে ক্রিকেট খেলা শুরু করেছিলাম। সেই স্টেডিয়ামে বিশ্বকাপ জিতলাম। ম্যাচের সেরার পুরস্কারও পেলাম। সবকিছু আমার কাছে স্বপ্নের মতো। পরিস্থিতি বিচার করে খেলেছি। নিজের ওপর বিশ্বাস ছিল। নিজের শক্তি জানতাম। এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। বাকি দলগুলো এখানে কীভাবে বল করে লক্ষ্য করেছি। বেশি জোরে বল করলে শট খেলা সহজ হয়ে যায়। তাই বুদ্ধিদীপ্ত এবং স্মার্ট ক্রিকেট খেলতে হয়েছে। ব্যাটারের মনের ভেতর প্রবেশ করতে হয়েছে।' সতীর্থ অর্শদীপ সিংকে টপকে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক বুমরা। এই বিষয়টি জানতেন না। ম্যাচের পর জানতে পারেন। প্রসঙ্গ উঠতেই বলেন, 'আমি এটা জানতাম না। তবে অবশ্যই খুশি।'