আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কেরল সরকারের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে সঞ্জু স্যামসনকে। সোমবার এমন জানান কেরলের শিক্ষা এবং শ্রমমন্ত্রী ভি শিবনকুট্টি। তিরুঅনন্তপুরামের উপকূলয়ী শহর বিজহীনজাম থেকে উঠে এসেছেন সঞ্জু। টি-২০ বিশ্বকাপে তাঁর দুরন্ত ফর্মে উচ্ছ্বসিত শহরবাসীরা। শিক্ষা এবং শ্রমমন্ত্রী ভি শিবনকুট্টি একটি বিবৃতিতে জানান, বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্সে কেরলবাসীদের গর্বিত করেছেন সঞ্জু। তাই ভারতীয় তারকাকে গ্র্যান্ড সংবর্ধনা জানাতে চায় কেরল সরকার। তবে কবে এই রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে সেই তারিখ উল্লেখ করা হয়নি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং ভারতীয় ক্রিকেটারদের। প্রথম দল হিসেবে খেতাব ধরে রাখতে সক্ষম টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে ভারত। ৯৬ রানে জেতেন সূর্যকুমার যাদবরা। শেষ তিন ম্যাচে সঞ্জুর পারফরম্যান্স পার্থক্য গড়ে দেয়। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনালে কেরলের ক্রিকেটারের ব্যাটে জেতে ভারত। সেমিফাইনাল এবং ফাইনালেও জ্বলে ওঠেন।
রবিবার শুরুটা করেন অভিষেক, শেষটা সঞ্জু। শেষ তিন ম্যাচে অর্ধশতরানের হ্যাটট্রিক। আহমেদাবাদে ছয়, চারের বন্যা বইয়ে দেন। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণদের ব্যাটে রানের পাহাড় গড়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানের দোরগোড়ায় ফেরেন সঞ্জু। তবে নিজের কাজ করে যান। যদিও ফাইনালে শুরুতে তাণ্ডব শুরু করেননি স্যামসন। অভিষেক ঝড়ের সময় অ্যাঙ্করের ভূমিকা পালন করেন। ৩৩ বলে ৫০ রান পূর্ণ করেন সঞ্জু। অভিষেক আউট হওয়ার পর রুদ্রমূর্তি ধারণ করেন। ৮টি ছয়, ৫টি চারের সাহায্যে ৪৬ বলে ৮৯ রান করে আউট হন। নিশামের ফুল টসে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। হারানো ফর্ম ফিরে পাওয়ার জন্য শচীন তেন্ডুলকরকে ধন্যবাদ জানান স্যামসন। ম্যাচ শেষে জানান, একটানা রান না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন। মাস্টার ব্লাস্টারের দ্বারস্থ হন। শচীনের টোটকায় ফিরে পান ফর্ম।
