আজকাল ওয়েবডেস্ক: চলতি টি-২০ বিশ্বকাপের আবিষ্কার নেপাল। শুরুতেই ইংল্যান্ডকে চমকে দিয়েছে। জস বাটলারদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। একটা সময় মনে হয়েছিল, ম্যাচ জিতে যাবে। কিন্তু অভিজ্ঞতার অভাবে শেষপর্যন্ত মাত্র ৪ রানে হারে। এবার নিজেদের ক্রিকেটের উন্নতিতে ভারত সহ বেশ কয়েকটি দেশকে নেপাল সফরে যাওয়ার অনুরোধ করলেন অধিনায়ক রোহিত পাউডেল। এই তালিকায় রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও। রোহিত বলেন, 'অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যদি নেপালে খেলতে আসে, সেটা আমাদের জন্য খুবই বড় বিষয় হবে। বিশ্ব ক্রিকেটের কাছে বড় বার্তা যাবে। সবাই জানবে নেপালও ক্রিকেট খেলে, এবং ভালই খেলে। এই বিশ্বকাপ তার প্রমাণ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত খেলতে এলে আমাদের ক্রিকেটের উন্নতি হবে। ক্রিকেটকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও ছড়িয়ে দেওয়া হবে।' 

নেপালের অধিনায়ক জানান, ২০২৪ বিশ্বকাপের পর ভেবেছিলেন তাঁরা কিছুটা হলেও গুরুত্ব পাবে। কিন্তু হারিয়ে যায়। এবার আর সেটা চান না। রোহিত বলেন, '২০২৪ বিশ্বকাপের পর ভেবেছিলাম আমরা এবার সুযোগ পাব। অভিজ্ঞতা অর্জন করব। কিন্তু সেটা হয়নি। আমাদের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলা উচিত। ওদের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাব। অন্তত একটা বা দুটো সিরিজ আমরা খেলতে চাই।' ইতিমধ্যেই নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এবং প্রাক্তন অধিনায়ক পরশ খাদকা বিসিসিআইকে তাঁদের দেশে ভারতের সঙ্গে একটি টি-২০ সিরিজ খেলার অনুরোধ করেছে। 

পরশ খাদকা বলেন, 'ভারত-নেপাল দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত। আমাদের দেশে এখন ফ্লাডলাইট সহ স্টেডিয়াম আছে। আমরা ক্রিকেট খেলিয়ে বড়বড় দেশগুলোকে নেপালে দ্বিপাক্ষিক এবং ত্রিদেশীয় সিরিজের জন্য আমন্ত্রণ জানাতে চাই।' বড় দলগুলোর মধ্যে একমাত্র ওয়েস্ট ইন্ডিজ নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে। যা ২-১ এ জেতে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ এবং জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি মনে করেন, ক্রিকেটের উন্নতিতে বড় বড় দলগুলোর উচিত অ্যাসোসিয়েট দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা। তিনি বলেন, 'ক্রিকেট টিমগেম। আমার দলকে তৈরি করা যেমন আমার কর্তব্য। তেমনই ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াও আমাদের দায়িত্ব। আমরা ওদের বিরুদ্ধে সিরিজ খেলে যদি ক্রিকেটের প্রসার ঘটাতে পারি, তাহলে সেটাই করা উচিত।' ক্রিকেটের সার্বিক উন্নতিতে কি নেপালের সঙ্গে সিরিজ খেলতে রাজি হবে বিসিসিআই?