আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারত ম্যাচ খেলতে রাজি করানো নিয়ে পাকিস্তান বোর্ডের সঙ্গে বৈঠক করছেন আইসিসি–র কর্তারা। রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও। সেখানে এশিয়া কাপের বিতর্ক টেনে আনলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।


আইসিসি–র তরফে ইমরান খোয়াজা বৈঠকে ছিলেন। আলোচনার মাঝেই তাঁকে উদ্দেশ্য করে নকভি একটি প্রশ্ন করেন। সংবাদ সংস্থা পিটিআইকে পাক বোর্ডের এক সূত্র বলেছেন, ‘‌খোয়াজার কাছে নকভি জানতে চান, কোনও ভারতীয় কর্তার হাত থেকে পাকিস্তান দল যদি এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করত, তখনও কি আইসিসি চুপ করে বসে থাকত?’‌ খোয়াজা কী বলেছেন, তা অবশ্য জানা যায়নি। 


উল্লেখ্য, নকভি এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) চেয়ারম্যান। এশিয়া কাপ ফাইনালে তাঁরই ট্রফি দেওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দল নকভির থেকে ট্রফি নিতে চায়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নকভি ট্রফি নিয়ে মঞ্চ ছেড়ে চলে যান। এক ঘণ্টা মাঠে থাকার পরেও ভারতের হাতে ট্রফি দেওয়া হয়নি। ভারত এখনও ট্রফি হাতে পায়নি।


এদিকে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠকে পাকিস্তান এবং বাংলাদেশের তরফে আরও একটি দাবি তোলা হয়েছে। ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান এবং বাংলাদেশ। আইসিসি জানিয়েছে, বিষয়টি বিসিসিআইয়ের অনুমতির উপর নির্ভরশীল। দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সিরিজ নিয়ে সিদ্ধান্ত আইসিসি নিতে পারে না।


এর পাশাপাশি, পাকিস্তানের হয়ে মুখ খুলে বাংলাদেশ দাবি করেছে, ভারতের সঙ্গে যে ‘হাইব্রিড মডেল’–এর চুক্তি রয়েছে, তা বাড়িয়ে ২০৩১ বিশ্বকাপ পর্যন্ত করা হোক। এই মুহূর্তে চুক্তি রয়েছে ২০২৭ পর্যন্ত। ২০৩১ এক দিনের বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত এবং বাংলাদেশ। সেই বিশ্বকাপে পাকিস্তান সব ম্যাচ বাংলাদেশে খেলতে চায়। সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে।

 


‌‌