আজকাল ওয়েবডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে না ভারত। এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আমির।

সুপার এইটে প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর সেই দাবিতে আরও জোর দিয়েছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত সেমিতে কোয়ালিফাই করার পরেই সোজা ইউ টার্ন মারলেন তিনি।

তাঁর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্যাপক ট্রোলের শিকার হয়েছেন তিনি। তবে টিম ইন্ডিয়া সেমিতে উঠতেই নিজের দাবি বদলে দিলেন আমির।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ভারত শেষ চারে জায়গা করতে পারবে না। কিন্তু জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা জয়ের ফলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল সেমিফাইনালে উঠতে সক্ষম হয়।

এরপর পাকিস্তানের টেলিভিশনে হারনা মানা হ্যায় অনুষ্ঠানে অংশ নিয়ে আমির আবারও ভারতের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, ‘ক্রিকেটীয় বিশ্লেষণে বলব, ভারত খুব একটা ভাল ক্রিকেট খেলছে না। ওদের ফিল্ডিং দেখুন, কমপক্ষে তিন-চারটি ক্যাচ ফেলেছে এবং মাঠে বেশ কিছু ভুল করেছে। জসপ্রীত বুমরা ছাড়া প্রায় সব বোলারই রান দিয়েছে। আমি আগেই বলেছিলাম, হার্দিক পাণ্ডেয়া বড় দলের বিরুদ্ধে ভাল খেলতে পারে না। ও চার ওভারে ৪০ রান দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বরুণ চক্রবর্তীর বিরুদ্ধেও আক্রমণ করেছে। সেমিফাইনালে যারা উঠেছে প্রত্যেকেই কিন্তু স্পিনারদের ভালোভাবে সামলাতে পারে। আমার বিশ্বাস, ভারত এখনও টুর্নামেন্টের হট ফেভারিট দল নয়।’

উল্লেখ্য, বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এর পাশাপাশি অন্য আর একটি বিতর্কে ধুঁয়ো তুলছেন তিনি।

শিমরন হেটমায়ার আউট ছিলেন না বলে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। আমিরের মত, হেটমায়ার থাকলে ভারত হয়তো ছিটকে যেত। তাদের হাতের বাইরে চলে যেত ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের ১২-তম ওভারের ঘটনা।

জশপ্রীত বুমরার বল স্লগ করতে চেয়েছিলেন হেটমায়ার। কিন্তু সঞ্জু স্যামসনের হাতে তিনি ধরা পড়েন। আত্মবিশ্বাস নিয়ে আবেদন করেছিলেন বুমরা। আম্পায়ার ক্রিস গাফানি আঙুল তুলে দেন।

কিন্তু হেটমায়ার রিভিউ নেন। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে লেগেছিল। তবুও ব্যাটার কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।

হেটমায়ার ভেবেছিলেন বল তাঁর ব্যাট ছোঁয়নি। পাক টিভির শো ‘হারনা মানা হ্যায়’-তে উপস্থিত হয়ে আমির জানান হেটমায়ার আউট ছিলেন না। ক্যারিবিয়ানদের বিপজ্জনক ব্যাটার হেটমায়ার।

উইকেটে জমে গেলে তিনি ঝড় তোলেন। তিনি ক্রিজে থাকা মানেই ঝড়ের গতিতে রান ওঠা। আমির বলছেন, ‘আমার মনে হয় হেটমায়ারের আউটের সিদ্ধান্তটা বিতর্কিত ছিল। আমার মনে হয় না ও আউট ছিল। আরেকটু থেকে গেলে রান ২২০-২৩০-এ পৌঁছে যেত। তাহলে ভারত ছিটকে যেত।’

সঞ্জু স্যামসন ৫০ বলে দুর্দান্ত ৯৭ রানের ইনিংস খেলেন। সেই ইনিংসে ভর করেই ভারত সেমিফাইনালের টিকিট জোগাড় করে ফেলে।

আমির বলছেন, ‘আপনারা বলতেই পারেন আমি ভুল বলেছিলাম। যেখানে কৃতিত্ব দেওয়ার সেখানে কৃতিত্ব দিতেই হবে। সঞ্জু স্যামসন জীবনের সেরা ইনিংস খেলেছে। আইপিএল ও অন্যান্য ম্যাচে আমি সঞ্জুর ব্যাটিং দেখেছি। তবে এই ইনিংসটা, বিশেষ করে মরণবাঁচন ম্যাচে, আরও নির্দিষ্ট করে বললে, নক আউট ম্যাচে এই ইনিংসটা স্পেশাল।’