আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই সেই হাই প্রোফাইল ম্যাচ। টি-২০ টে টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। সুখবর হল, দলে ফিরছেন অভিষেক শর্মা। পেটের সংক্রমণের জন্য নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি। পাকিস্তান ম্যাচ খেলা নিয়েও অনিশ্চয়তা ছিল। কিন্তু শনিবার সূর্যকুমার যাদব জানান, অভিষেকের খেলার সম্ভাবনা উজ্জ্বল। তবে বৃষ্টির আশঙ্কা চিন্তায় রাখবে ভক্তদের। ম্যাচ চলাকালীন বৃষ্টির ১৩ শতাংশ সম্ভাবনা। কিন্তু ম্যাচের আগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। তবে বর্তমানে কলম্বোতে বৃষ্টি হচ্ছে না। এটাই স্বস্তি। ভারত-পাকিস্তান ম্যাচের আগে আবার উঠে আসছে হ্যান্ডশেক বিতর্ক।
এশিয়া কাপে ম্যাচের আগে এবং পরে হ্যান্ডশেক করেনি ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপেও কি তার পুনরাবৃত্তি ঘটবে? ম্যাচের আগের দিন পাকিস্তান অধিনায়ককে এই প্রশ্ন করা হলে সলমন আঘা বলেন, 'আমরা সেটা কাল জানতে পারব।' এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি সূর্যকুমার। জানান, টস নিয়ে ভাবছেন না তিনি। সূর্যকুমার বলেন, 'সেটা জানায় জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। কেন সেদিকে এত ফোকাস করা হচ্ছে? আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই। এই বিষয়ে আমরা কাল সিদ্ধান্ত নেব। জানায় জন্য অপেক্ষা করো।'
গতবছর এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে চাননি সূর্যকুমাররা। টসের পর দুই অধিনায়কের মধ্যে হ্যান্ডশেক হয়নি। এমনকী ম্যাচ শেষেও হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যায় দুই দেশের ক্রিকেটাররা। টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। প্রতিবারই তার পুনরাবৃত্তি ঘটে। এই ধারা কি আজ ভাঙবে? দীর্ঘদিন পর কি হাত মেলাবে ভারত-পাক ক্রিকেটাররা? সুর্যকুমার যাদব এবং সলমন আঘা এই বিষয়ে মুখ খুলতে চাননি। অর্থাৎ, এটা জানতে টস পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপে এই ম্যাচকে কেন্দ্র করে দীর্ঘ নাটক চলে। বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন, টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। তারপর প্রায় দশদিন ধরে চলে জল্পনা-কল্পনা। অবশেষে আগের রবিবার লাহোরে আইসিসির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকের পর পরিস্থিতি বদলায়। ভারতের বিরুদ্ধে খেলার সবুজ সংকেত দেয় পাকিস্তান সরকার।
