আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত ছিল ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি বয়কটের সিদ্ধান্ত তুলে ফেলায় সেটা আরও মজবুত হয়েছে। দাবি, রায়ান টেন দুশখাতের। এক সপ্তাহ আগে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। কিন্তু সাত দিনের মধ্যে ডিগবাজি খায় পাকিস্তান। জানিয়ে দেয়, রবিবার ভারতের বিরুদ্ধে তাঁরা খেলবে। এবার এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রথম প্রতিক্রিয়া পাওয়া গেল। টিম ইন্ডিয়ার সহকারী কোচ দাবি করেন, মাঠের বাইরের সমস্যা তাঁদের প্রস্তুতিতে বাধা সৃষ্টি করতে পারেনি। দুশখাতে বলেন, 'আমরা এটা ধরে নিয়েই এগোচ্ছিলাম। আমরা সবসময় মনে করছিলাম আমাদের খেলতে হবে।' 

নেদারল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানান, এই গোটা বিষয়টা থেকে প্লেয়াররা নিজেদের দূরে সরিয়ে রাখছিল। যাতে প্রস্তুতিতে কোনওরকম বাধা না সৃষ্টি হয়। দুশখাতে বলেন, 'আমরা রাজনীতি থেকে নিজেদের সরিয়ে রেখেছি। এই ম্যাচকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবেগ আলাদা। তার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির তুলনা করা যায় না। তবে আমাদের উচিত শুধু ক্রিকেটীয় বিষয়গুলোতে ফোকাস করা।' কলম্বোতে বেশ কিছুটা সময় কাটানোয়, পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছে পাকিস্তান। গম্ভীরের ডেপুটি মনে করছেন, এটা তাঁদের বাড়তি অ্যাডভান্টেজ দিতে পারে। দুশখাতে বলেন, 'কলম্বোতে খেলার চ্যালেঞ্জ আছে। গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান সেখানে আছে। পরের সপ্তাহে আমরা নিজেদের সেরা খেলাটা উপহার দিতে চাই।' বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ভারতের। পাকিস্তান খেলতে রাজি হওয়ায়, ম্যাচটাকে শুধুমাত্র ক্রিকেট ম্যাচ হিসেবে নেওয়া হবে। 

প্রসঙ্গত, রবিবার মহারণে খেলবে পাকিস্তান। শেষপর্যন্ত পিসিবির এই সিদ্ধান্তে খুশি সৌরভ গাঙ্গুলি। রবিবারের মহাযুদ্ধকে কেন্দ্র করে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় দলে পছন্দের প্লেয়ারদের বেছে নিলেন মহারাজ। পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভ বলেন, 'বিশ্বকাপের বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি ভারতকে হারানো সহজ হবে না পাকিস্তানের পক্ষে। ভারত শক্তিশালী দল।' পাকিস্তান ম্যাচে নিজের ফেভারিটদের তালিকায় স্কাইকে রাখেননি সৌরভ। বরং, বেছে নেন গত কয়েক ম্যাচে ধারাবাহিকতার অভাবে ভোগা অভিষেক শর্মাকে। তবে বাঁ হাতি তরুণ নিজের দিনে যাবতীয় সমীকরণ বদলে দিতে পারে। ব্যাটারদের মধ্যে প্রাক্তন বোর্ড সভাপতির দ্বিতীয় পছন্দ ঈশান কিষাণ।‌ কয়েকদিন আগেই বোর্ডের 'ব্যাড বয়' ছিলেন। কিন্তু বর্তমানে টিম ম্যানেজমেন্টের নয়নের মণি। দেড় বছর পর দলে ফিরেই দারুণ ছন্দে আছেন। রবিবার পার্থক্য গড়ে দিতে পারেন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার।