আজকাল ওয়েবডেস্ক:‌ ভয়ানক চাপে পড়ে গিয়েছেন রিঙ্কু সিং। চলতি বিশ্বকাপে কি আর খেলতে দেখা যাবে রিঙ্কু সিংকে? পরিবারের কঠিন সময়ে কি সকলকে ছেড়ে মাঠে ফিরতে পারবেন রিঙ্কু? বৃহস্পতিবার বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারত। তার আগে পারিবারিক কারণে দল ছেড়ে বাড়ি গিয়েছেন তিনি। তবে জানা গিয়েছে, জিম্বাবোয়ে ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার।


বুধবার চিপকে সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে প্রশ্ন করা হয়েছিল, রিঙ্কু কবে ফিরবেন? জবাবে কোটাক বলেন, ‘‌আজ সন্ধেয় ফিরছে রিঙ্কু। ওর বাবা ভাল নেই। তাই ও গিয়েছিল। কিন্তু যত দূর জানি, আজই দলের সঙ্গে ও যোগ দেবে।’‌ কোটাকের কথা থেকে পরিষ্কার, বাবাকে দেখেই আবার বিশ্বকাপ খেলতে ফিরবেন রিঙ্কু।


জিম্বাবোয়ে ম্যাচ খেলতে দলের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন রিঙ্কু। কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎ দল ছেড়ে বাড়ি ফেরেন তিনি। ভারতীয় দল সূত্রে খবর, গুরুতর অসুস্থ রিঙ্কুর বাবা খানচন্দ সিং। তিনি ক্যানসারে আক্রান্ত। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছে তাঁর। খবর পাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অনুমতি নিয়ে বাবাকে দেখতে যান রিঙ্কু।
বাড়ি যাওয়ায় স্বাভাবিক ভাবেই মঙ্গলবার সন্ধেয় অনুশীলন করেননি রিঙ্কু। মনে করা হয়েছিল, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। কিন্তু এখন কোটাক জানিয়েছেন, বুধবারই ফিরছেন তিনি। সন্ধেয় অনুশীলনও করতে পারেন। ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি যে খেলবেন না, তার নিশ্চয়তা নেই।


এটা ঘটনা, চলতি বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই রিঙ্কু। পাঁচটি ম্যাচই খেলেছেন তিনি। রান করেছেন মাত্র ২৪। তবে ফিল্ডিংয়ে নজর কেড়েছেন রিঙ্কু। বেশ কয়েকটি কঠিন ক্যাচ ধরেছেন। চার বাঁচিয়েছেন। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে দলে কতটা বদল করতে চান গম্ভীর, সেই প্রশ্নও উঠছে। ফলে ফিনিশারের ভূমিকায় আরও একবার দেখা যেতে পারে রিঙ্কুকে। পাশাপাশি গম্ভীরের ভরসার ক্রিকেটার তিনি। পরিবারের কঠিন সময়েও দেশের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরে সেই ভরসারই দাম দিয়েছেন রিঙ্কু।