আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্বপ্নভঙ্গ। লর্ডসে হাইভোল্টেজ গ্রুপ ম্যাচে দুর্দান্ত লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারল ভারত। এর ফলে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া, আর ভারতের অভিযান থেমে গেল গ্রুপ পর্বেই। লর্ডসের ঐতিহাসিক মঞ্চে রবিবার ছিল কার্যত ‘নকআউটের আগে নকআউট’। 

সেমিফাইনালে উঠতে হলে ভারতের সামনে একটাই সমীকরণ ছিল—অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। কিন্তু গত বছর একদিনের বিশ্বকাপের সেমিফাইনালের রিপিট হল না লর্ডসে। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বার করে নিল অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে প্রথমে  ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। বড় রান তুলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যেই নামেন শেফালি ভার্মা এবং স্মৃতি।

ওপেনিংয়ে শুরুর ধাক্কা সামলে ইনিংসকে গতি দেন স্মৃতি মান্ধানা। তাঁর ৩৮ রানের ইনিংস ভারতের বড় রানের ভিত তৈরি করে দিয়েছিল। মিডল ওভারে জেমিমা রদ্রিগেজ গুরুত্বপূর্ণ ৩৪ রান যোগ করে চাপ সামলান। তবে ভারতের ইনিংসের আসল ঝড় ওঠে অধিনায়ক হরমনপ্রীতের ব্যাটে। মাত্র ২৬ বলে ৫৬ রানের বিস্ফোরক ইনিংসে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষদিকে দ্রুত রান তুলে ভারত ২০ ওভারে তোলে ১৭০ রান, চাপের ম্যাচে যা ছিল লড়াই করার মতো স্কোর।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলাররা নিয়ন্ত্রিত লাইন-লেন্থে ম্যাচে দারুণ প্রত্যাবর্তন ঘটায়। কিন্তু বড় ম্যাচে অভিজ্ঞতার পার্থক্যই ম্যাচ বের করে নিল ভারতের হাত থেকে। অস্ট্রেলিয়া ইনিংসের প্রথম দশ ওভার পুরোপুরি ফেভারিট ছিল ভারতই। কিন্তু সেখান থেকে এলিস পেরি এবং অ্যাশ গার্ডনারের জুটি স্বপ্ন ভেঙে দিল টিম ইন্ডিয়ার। পেরি খেলেন ৫৬ রানের ইনিংস, গার্ডনার করেন ৫২। দু’জনের আক্রমণাত্মক ব্যাটিং শেষ কয়েক ওভারে ভারতের ওপর চাপ বাড়িয়ে দেয়। ভারতীয় বোলারদের কয়েকটি নো-বল, গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ হাতছাড়া এবং ডেথ ওভারে অতিরিক্ত রান দেওয়ার মূল্য দিতে হল দলকে। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। এই হারের ফলে সেমিফাইনালের রাস্তা বন্ধ হয়ে গেল টিম ইন্ডিয়ার। সেমিফাইনালে উঠে গেল লরা উলফার্টের দক্ষিণ আফ্রিকা। চাপের ম্যাচে কেন তারা বিশ্বের অন্যতম সেরা দল সেটাই লর্ডসে আরও একবার প্রমাণ করে দিল অস্ট্রেলিয়া।