আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটে হার মানতেই বেরিয়ে এল ভারতের 'গম্ভীর' সাজঘরের ছবি।
ভারতের সাপোর্ট স্টাফদের সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদবের আলোচনা ভাইরাল হয়ে গিয়েছে।
গ্রুপ পর্বে ভারত প্রাধান্য রেখে জিতে আসছিল। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে ভারত। সুপার এইটে আরও ভাল শুরু করতেই পারতেন সূর্যকুমার যাদবরা। কিন্তু বিশাল ৭৬ রানে লজ্জার হার স্বীকার করতে হয় ভারতকে। তারপরে যেন সূর্যদের মাথায় আকাশ ভেঙে পড়ে। সেমিফাইনালের টিকিট পাওয়া কিন্তু রীতিমতো কঠিন হয়ে পড়েছে ভারতের।
ম্যাচ হারের পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে ডাগ আউটে বসে সূর্যের সঙ্গে কথা বলছেন সাপোর্টে স্টাফরা। কোথায় ভুল হল, কী করা যেত, হারের পরে এসব নিয়ে হয়তো আলোচনা হচ্ছিল সূর্যের সঙ্গে সাপোর্ট স্টাফদের। আলোচনার সময়ে কী কথা হচ্ছিল, তা স্পষ্ট নয়। তবে দেখে মনে হওয়াই স্বাভাবিক নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন সূর্য এবং সাপোর্ট স্টাফরা।
সূর্যকে একাধিকবার মাথা নাড়াতে দেখা যায়। সাপোর্ট স্টাফদের সঙ্গে তিনি সহমত পোষণ করছেন না, এটা ভারত অধিনায়কের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল।
একটি ম্যাচ হারতেই চাপে পড়ে গেল ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ভারত অধিনায়ককে বলতে শোনা গিয়েছে, ''আমাদের বোলিং ভাল হয়েছে। কিন্তু ব্যাটিং আরও ভাল করতে পারতাম। এটা মনে রাখতে হবে, ১৮০-১৮৫ রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই ম্যাচ জিতে নেওয়া যায় না। পাওয়ারপ্লেতে আমরা একাধিক উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম। ছোট ছোট পার্টনারশিপ গড়ে ১৮০-১৮৫-র কাছাকাছি পৌঁছনো যেত। কিন্তু এটাই খেলা। এর থেকে আমরা শিক্ষা নিলাম। নিজেদের মধ্যে আলোচনা করে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।'' সূর্য বলছেন আগের থেকে আরও শক্তিশালী হয়ে তাঁরা ফিরে আসবেন। কিন্তু কাজটা খুবই কঠিন ভারতের জন্য।
