আজকাল ওয়েবডেস্ক: আজ ২৯ জুলাই, মোহনবাগান দিবস। ১৯১১ সালে এই দিনেই খালি পায়ে ব্রিটিশ বধ করে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই দিনটা বরাবরই গর্বের।

এদিন মোহনবাগান দিবসে সবুজ মেরুনকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গর্বের ২৯শে জুলাই। মোহনবাগান দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মোহনবাগান।’

মোহনবাগান দিবসের আগে মঙ্গলবার মোহনবাগান ক্লাবে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-ও। ক্লাবের মাঠে কলকাতা লিগের ম্যাচ ছিল মঙ্গলবার। সেখানে গ্যালারিতে বসে বেশ কিছুক্ষণ খেলা দেখেন তিনি।

গোটা ক্লাব পরিদর্শন করেন। অমর একাদশের মূর্তির সামনে দাঁড়িয়ে ইতিহাস শোনেন মোহনবাগানের। সঙ্গে ছিলেন ক্লাব সচিব শৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত। ক্লাবের ট্রফি রুমও ঘুরে দেখেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।

ক্যান্টিনের চিকেন স্টু এবং ফিশফ্রাই খান। বেরোনোর আগে মোহনবাগানের রেজিস্টার বুকে লিখে যান, ‘ফিশফ্রাই এবং মোহনবাগান।’ মোহনবাগান দিবসেও ক্লাবে আসার বার্তা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

ক্লাবের সমর্থকদের কথা ভাবার জন্য ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষও। তারপর এদিন মোহনবাগান দিবসে সবুজ-মেরুনকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।