আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে সূর্যাস্ত! অসময়ে একটি যুগের অবসান ঘটতে চলেছে! ছেঁটে ফেলা হতে পারে সূর্যকুমার যাদবকে। এমনই খবর সূত্রের। জানা গিয়েছে, আর টি-২০ দলের অধিনায়ক থাকবেন না স্কাই। তিনমাস আগেই তাঁর হাত ধরে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জেতে ভারত। এবার সেই বিশ্বকাপজয়ী অধিনায়ককেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, দলে সূর্যের জায়গা পাওয়া নিয়েও কথাবার্তা চলছে। চলতি মাসের শেষেই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা হবে। তার আগেই এই খবর জানা গিয়েছে। ২০২৮ টি-২০ বিশ্বকাপকে ফোকাস করে নতুন অধিনায়ক চাইছে বিসিসিআই। ভবিষ্যতের কথা ভেবে সূর্যকে ছাঁটাই করা হতে পারে।
অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও, ব্যাট হাতে একটানা ব্যর্থ স্কাই। সদ্য শেষ হওয়া আইপিএলেও ছন্দে ছিলেন না। এটা বোর্ডের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। ১১৩ টি-২০ ম্যাচে সূর্যের রান ৩২৭২। গড় ৩৬.৩৫। স্ট্রাইক রেট ১৬২.৯৪। তবে বেশ কিছুদিন ধরে ফর্মের ধারেকাছে নেই তিনি। ১ জানুয়ারি ২০২৫ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৩৫ ম্যাচে মাত্র ৭০২ রান। গড় ২৬। ২০২৪ সালে ১৮টি ম্যাচ খেলেন। রান ৪২৯। গড় ২৬.৮১। এবারের আইপিএলে ১৩ ম্যাচে ২৭০ রান করেন। টানা আড়াই বছর ধরে এত কম গড় হওয়ায়, বোর্ডের অন্দরমহলে আলোচনা শুরু হয়েছে। রোহিত শর্মার অধীনে টি-২০ বিশ্বকাপ জয়ের পর ২০২৪ সালে সূর্যকে সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক করা হয়। তারপর থেকেই তাঁর পারফরম্যান্স গ্রাফ পড়তির দিকে। সেই থেকে তাঁর গড় ২৫.৮৮। রয়েছে ছ'টি অর্ধশতরান এবং চারটি শূন্য। নেতৃত্ব পাওয়ার আগে স্কাইয়ের গড় ছিল ৪৩.৬০। তারমধ্যে ছিল চারটি শতরান এবং ২০টি অর্ধশতরান।
ব্যাট হাতে ফর্ম পড়লেও, অধিনায়ক হিসেবে সফল। ২০২৫ এশিয়া কাপ জেতার পর ২০২৬ টি-২০ বিশ্বকাপ জয়। ২০২৩ এশিয়া কাপ এবং ২০২৪ টি-২০ বিশ্বকাপজয়ী দলের অঙ্গ ছিলেন তিনি। বরাবর তিন এবং চার নম্বরে নেমে সফল হয়েছেন। দল সমস্যায় থাকাকালীন একাধিকবার ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তবে সবটাই অতীত। অধিনায়ক হওয়ায় আগে। ১২ অক্টোবর ২০২৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের পর, চলতি বছরের ২৩ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ রান সম্পূর্ণ করেন। মাঝে কোনও বড় রান নেই। তবে একই সিরিজে আরও দুটি অর্ধশতরান পান। যা টি-২০ বিশ্বকাপের আগে ফর্মে ফেরার আশা জাগায়। বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৮৪ রান দিয়ে শুরু করেন। কিন্তু ফর্ম ধরে রাখতে পারেননি। ফলে এবার চাকরি খোয়াতে হতে পারে সূর্যকে।















