আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন যথেষ্ট ভাল গিয়েছে ভারতের। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে ঘরের মাঠে বাকি দুটো টেস্ট জিততেই হবে রোহিতদের। দ্বিতীয় টেস্টে দলে তিনটে পরিবর্তন করা হয়। দলে ফেরেন শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপ। ভারতীয় অফস্পিনারের দাপটে কিউয়িদের ইনিংস গুঁড়িয়ে গেলেও দলে তিনটে পরিবর্তন নিয়ে অসন্তুষ্ট সুনীল গাভাসকর। কিংবদন্তী মনে করেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই পদক্ষেপ নেতিবাচক। গাভাসকর বলেন, 'চোট সমস্যা ছাড়া খুব বেশি দলকে আমি তিনটে পরিবর্তন করতে দেখি না। ওয়াশিংটন সুন্দরের অন্তর্ভুক্তি স্পষ্ট বলে দিচ্ছে ভারত তাঁদের ব্যাটিং নিয়ে চিন্তিত। ওর বোলিংয়ের থেকে লোয়ার অর্ডারে ব্যাটিংকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।' 

সানি এমন দাবি জানালেও, তাঁর ওপর আস্থা রাখার মর্যাদা দেন ওয়াশিংটন। সাত উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নামান। ওয়াশিংটনকে সুযোগ দেওয়ার জন্য নেটিজেনরা রোহিত, গম্ভীরের সিদ্ধান্তকে বাহবা জানায়। তবে রোহিতের অধিনায়কত্ব নিয়ে এখনও খুশি নয় সানি। সরাসরি কিছু না বললেও, ধারাভাষ্য দেওয়ার সময় তাঁর একটি মন্তব্য থেকে যা স্পষ্ট। গাভাসকর বলেন, 'স্পিনার বল করার সময় লং অন এবং লং অফে যদি এইভাবে ফিল্ডিং সাজাও, সেই অধিনায়ককে রক্ষণাত্মক বলা যেতে পারে। নেতিবাচক অধিনায়ক বলা হয়।' তবে পরমুহূর্তেই অবশ্য নিজের মন্তব্য ঘুরিয়ে দেন কিংবদন্তী। সানি বলেন, 'এই ফিল্ড প্লেসিং ভাল। কারণ লং অনে একজন ফিল্ডার আছে। মিড অফ ভেতরে আছে। এমনই হওয়া উচিত।' নিউজিল্যান্ডের ইনিংসের ১৯তম ওভার চলাকালীন এমন মন্তব্য করেন ভারতের প্রাক্তন তারকা। নেটিজেনদের ধারণা, রোহিতের উদ্দেশেই এমন কথা বলেন প্রাক্তন তারকা।