আজকাল ওয়েবডেস্ক: আগের দিনই কপিল দেব জানিয়েছিলেন, বিরাট কোহলি অধিনায়ক থাকলে অশ্বিন সিরিজের মাঝপথে অবসর নিত না। সতীর্থের সঙ্গে একমত নন সুনীল গাভাসকর। তারকা স্পিনারের হঠাৎ অবসরে অবাক ক্রিকেটমহল। তবে চমকে যাননি সানি। সুযোগের অভাবে অশ্বিন যে এই পথে হাঁটতে পারে, তার আভাস পেয়েছিলেন। তিনি মনে করেন, পারথ এবং গাব্বা টেস্ট থেকে বাদ পড়াই এর অন্যতম কারণ। গাভাসকর বলেন, 'এটা হওয়ারই ছিল। কারণ ভারত এখনই আর কোনও টেস্ট খেলবে না। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আছে। অশ্বিন লক্ষ্য করেছে, বিদেশের মাটিতে টেস্ট থাকলে তাঁকে দলে নেওয়া হচ্ছে না। বেশ কয়েকটা সফরে এটা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে হয়েছে। প্রথম একাদশে ওকে রাখা হয়নি। তাই হয়তো ও ভেবে নিয়েছে ইংল্যান্ড সিরিজেও ওকে প্রথম একাদশে রাখা হবে না। সেই কারণেই অবসর নিয়েছে। সুতরাং, এটা হওয়ারই ছিল।'

কিংবদন্তি মনে করেন, খেলা চালিয়ে গেলে অনিল কুম্বলের রেকর্ড ভেঙে দেওয়ার একটা সম্ভাবনা ছিল। তবে হয়তো অশ্বিন নিজেই সেটা করতে চায়নি। সানি বলেন, 'ও কুম্বলের রেকর্ড ভেঙে দিতে পারত। কিন্তু ও কি সেটা করতে চেয়েছিল? ও নিজেও হয়তো জানত খেলা চালিয়ে গেলে একদিন সেই জায়গায় পৌঁছে যাবে, তবে সেই ড্রাইভ কি ছিল। রোহিত জানিয়েছে, অ্যাডিলেড টেস্টের আগে ও অবসর আটকেছে। এর থেকেই বোঝা যাচ্ছে, অ্যাডিলেডেও অশ্বিনের খেলার মানসিকতা ছিল না। কেউ ৫০০ উইকেটের বেশি পেলে, তাঁর নিজের পারফরমেন্সে গর্বিত থাকা স্বাভাবিক। সেই জায়গায় ক্রমাগত সুযোগ না পেলে ধাক্কা লাগতেই পারে।' গাভাসকর অবাক না হলেও, অশ্বিনের হঠাৎ অবসরে হইচই পড়ে গিয়েছে ক্রিকেটমহলে।