আজকাল ওয়েবডেস্ক: ইরান ও ইজরায়েলের সংঘাতের আঁচ দুবাইয়েও। শনিবার সন্ধ্যায় দুবাইয়ের বুর্জ খলিফার পাশেই বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। যার জেরে নিমেষের মধ্যে বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এই যুদ্ধের আবহে দুবাইয়ে আটকে পড়েছেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। ব্যাডমিন্টন তারকা জানিয়েছেন তিনি এবং তাঁর দল দুবাই বিমানবন্দরে ঠিক যেখানে আশ্রয় নিয়েছিলেন, তার কাছেই একটি বিস্ফোরণ ঘটে।

অত্যন্ত ভীতিপ্রদ ও টেনশনের সেই মুহূর্ত বলে দাবি করেছেন সিন্ধু। তিনি আরও বলেন, বিস্ফোরণের পরে ধোঁয়া ও ধ্বংসস্তূপের কাছে এসে যাওয়ায় তাঁর কোচ দ্রুত স্থানত্যাগ করেন।  তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় লেখেন সিন্ধু। এর জন্য দুবাই এয়ারপোর্ট অথরিটি ও ভারতীয় হাই কমিশনকে কৃতিত্ব দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সিন্ধু লিখেছেন, ''পরিস্থিতি ধীরে ধীরে কঠিন হতে চলেছে। ভয়াবহ আকার তা ধারণ করছে। কয়েক ঘণ্টা আগে বিমাবন্দরের কাছে বিস্ফোরণ ঘটল। সেখানেই ছিলাম আমরা। আমার কোচ তো ধ্বংসস্তূপ ও ধোঁয়া দেখে দ্রুত সরে গেল। আমাদের সবার কাছেই পরিস্থিতিটা ছিল ভয়াবহ। আমরা এখন সবাই নিরাপদেই রয়েছি। আরও সুরক্ষিত জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। দুবাই এয়ারপোর্ট অথরিটির কর্মীদের নিরলস প্রয়াসকে ধন্যবাদ জানাই। আমাদের সাহায্য করার জন্য ও নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দুবাইয়ে ভারতের হাই কমিশনকেও অসংখ্য ধন্যবাদ জানাই।  এখন আমরা বিশ্রাম নিই আর আশা করি পরিস্থিতি ঠিক হয়ে যাবে।'' 

দুবাই হয়ে বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ওপেন খেলতে যাচ্ছিলেন সিন্ধু। সেখানে যাওয়ার পরই নেমে আসে এই বিপত্তি। 

অনির্দিষ্টকালের জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। এদিন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই আন্তর্জাতিক এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল আল মাকতুম আন্তর্জাতিক-এ সমস্ত বিমান ওঠানামা বাতিল করা হয়েছে। এই ঘোষণার পরেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার পর্যটক আটকে পড়েছেন বলে জানা গেছে। 

?ref_src=twsrc%5Etfw">March 1, 2026

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুবাইয়ের পাম জুমেইরা-তেও ভয়ঙ্কর বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ক্ষেপণাস্ত্রের অংশ আছড়ে পড়েছে বিলাসবহুল হোটেলেও। এর জেরেই দাউদাউ আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখার সেই ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।‌ 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাম জুমেইরা-র দ্য পাম হোটেলের ঠিক পাশেই ক্ষেপণাস্ত্রের একটি অংশ আছড়ে পড়েছে। কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে।‌ হোটেল লক্ষ্য করেই হামলা করা হয়েছে কিনা তাও এখনও জানা যায়নি। হোটেলের ক্ষয়ক্ষতির সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। 

 অশান্ত পশ্চিম এশিয়া। সেই পরিস্থিতিতে আটকে পড়েছেন পিভি সিন্ধু।