আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দেশ ছেড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত নভেম্বরে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাফল্যের পর আত্মবিশ্বাসে ভরপুর তারা। 

তার ওপর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় ভারতীয় শিবিরকে আরও উজ্জীবিত করেছে। অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল এবার বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দিতে মরিয়া।

দল ইংল্যান্ডে রওনা হওয়ার আগে তারকা ওপেনার স্মৃতি মান্ধানা জানিয়েছেন, বর্তমান ভারতীয় দল আগের তুলনায় অনেক বেশি পরিণত এবং ক্ষুধার্ত। তাঁর মতে, দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।

স্মৃতি বলেন, ''ওয়ানডে বিশ্বকাপে সাফল্যের পর আমরা সেই ভালো ফর্মটা ধরে রাখতে চাই। এছাড়া উইমেন্স প্রিমিয়ার লিগ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ অনেক ক্রিকেটারকে আত্মবিশ্বাস দিয়েছে। তবে ক্রিকেটে প্রতিটা নতুন টুর্নামেন্ট নতুনভাবে শুরু করতে হয়। কিন্তু এই দলের মধ্যে যে ক্ষুধা এবং জয়ের ইচ্ছা দেখছি, সেটা সত্যিই আলাদা।''

ভারতীয় দলের ব্যাটিং শক্তি নিয়েও আশাবাদী স্মৃতি। তিনি বিশেষভাবে প্রশংসা করেছেন দলের তরুণ পাওয়ার-হিটারদের। শেফালি ভার্মা, রিচা ঘোষের মতো ক্রিকেটাররা এখন মাঝের ও শেষের ওভারে দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন, যা ভারতীয় দলের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ধরনকেই বদলে দিয়েছে।

স্মৃতির কথায়, ''টপ অর্ডারে ব্যাট করতে এখন অনেক স্বস্তি লাগে, কারণ নিচের দিকে এত পাওয়ার-হিটার রয়েছে। আগে এটা ভারতীয় দলের বড় শক্তি ছিল না, কিন্তু এখন সেটাই আমাদের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠছে। শেফালি, রিচা এবং হরমন দীর্ঘদিন ধরে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। আমি বা জেমিমাও এখন একই মানসিকতা নিয়ে খেলতে পারি।''

বিশ্বকাপের আগে ভারতীয় দলের এই আত্মবিশ্বাস এবং আগ্রাসী মানসিকতা সমর্থকদের আশাবাদী করে তুলেছে। এখন দেখার, ইংল্যান্ডের মাটিতে এই ছন্দ ধরে রেখে আরেকটি আইসিসি ট্রফি জিততে পারে কি না টিম ইন্ডিয়া।