আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। শুভমন গিলের নেতৃত্ব, বোলিং পরিবর্তন, ফিল্ড প্লেসিং নিয়ে প্রশ্ন উঠছে। তবে তারই মধ্যে টিম ইন্ডিয়ার তরুণ অধিনায়কের একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রথম উইকেটে ১৮৮ রান যোগ করে বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। ওপেনিং পার্টনারশিপ ভাঙতে হিমশিম খায় ভারতীয় বোলাররা। তারই মধ্যে একটি মজাদার মন্তব্য স্ট্যাম্প মাইকে ধরা পড়ে। স্লিপে ফিল্ডিং করার সময় এমন মন্তব্য করেন শুভমন গিল। ঠিক কী বলেছিলেন ভারত অধিনায়ক? যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়?
শুভমন বলেন, 'একদিকে মহম্মদ। অন্যদিকে কৃষ্ণ। দু'জনে ঝড় তুলে দেবে।' গিলের এই মন্তব্য স্ট্যাম্প মাইকে ধরা পড়ে। এই মন্তব্যে মজা পেয়েছে ফ্যানরা। নেটমাধ্যমে আরও মজাদার জবাব দিচ্ছে তাঁরা। সোশ্যাল মিডিয়ায় গিলের এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। প্রথম টেস্ট হারলেও প্লেয়ারদের পাশে দাঁড়ান গৌতম গম্ভীর। পরের টেস্টে প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী। টেলএন্ডারদের সরাসরি দায়ী করতে রাজি নয় টিম ইন্ডিয়ার হেড কোচ। গম্ভীর বলেন, 'মাঝেমধ্যে এগুলো হতেই পারে। ব্যাটাররাও ব্যর্থ হয়। আশা করব ওরা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। আশা করছি, টেলএন্ডারদের থেকে আরও বেশি রান পাবো। একমাত্র এই কারণে আমরা হারিনি। আমি আলাদা করে কারোর ওপর দোষ চাপাতে চাই না। আমি কখনওই বলব না ৮,৯,১০,১১ রান পায়নি বলে আমরা হেরেছি।' ২ জুলাই শুরু দ্বিতীয় টেস্ট।
















