আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ক্রিকেটে এক অধিনায়ক চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে জাতীয় নির্বাচকদের বাজি শ্রেয়স আইয়ার। এমনিতেই শ্রেয়সের টি–২০ অধিনায়ক হওয়া প্রায় নিশ্চিত। কারণ সূর্যর ফর্ম নিয়ে নির্বাচকরা একেবারেই খুশি নন। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটেও অধিনায়ক হতে পারেন শ্রেয়স। আইপিএল শেষ হলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন শ্রেয়স। সঙ্গে দারুণ অধিনায়কত্ব করছেন। যা নির্বাচকদের নজর কেড়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ড সূত্রে বলা হয়েছে, ভারতের টি–২০ দলে বেশকিছু বদল হবে। ওই সূত্র বলেছে, ‘ভারতের নতুন টি–২০ দলে কিছু বদল হবে। আমরা সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়কই চাইছি। বোর্ড তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞদেরও দলে চাইছে। গত কয়েক বছরে শ্রেয়স দারুণ উন্নতি করেছে। চোট পাওয়াটা সত্যিই ওর জন্য দুর্ভাগ্যের।’ ওই সূত্রে আরও বলা হয়েছে, ‘এবছর আইপিএলেও বেশ সাহসী অধিনায়কত্ব করছে শ্রেয়স। সাদা বলের ক্রিকেটে নেতা হওয়ার ব্যাপারে ও একজন দাবিদার। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল টি–২০ বিশ্বকাপ জিতেছে। সূর্যর অবদানও অনস্বীকার্য।’ ওই সূত্রে আরও বলা হয়েছে, সূর্যর অবদানও বোর্ড ভুলছে না।
অন্যদিকে ভবিষ্যতের কথা ভেবে গিলকে একদিনের ক্রিকেটে অধিনায়ক করেছিল বোর্ড। কিন্তু সূত্রের খবর, তাঁর অধিনায়কত্বে খুশি নয় বিসিসিআই। সঙ্গে তিনি ধারাবাহিকও নন। তাই শ্রেয়সই এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে।
এদিকে আইপিএলের মাঝেই বেশ কড়া সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের দশ দলের জন্য আট পাতার নির্দেশিকা জারি করেছে বোর্ড। বেশ কিছু দল এবং ক্রিকেটারের তরফে এবার বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেই কারণেই প্রতিযোগিতার মাঝপথে এই নির্দেশিকা জারি করল বিসিসিআই।















