আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কিংসের মরশুমে যেন হঠাৎ করেই নেমে এসেছে ধস। টানা তিন ম্যাচে হারের পর প্লে-অফের স্বপ্ন ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৩ রানের বড় ব্যবধানে হারের পর দলের ফিল্ডিং নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।
এক সময়ে মনে হচ্ছিল, অনায়াসেই প্লে-অফে পৌঁছে যাবে পঞ্জাব। কিন্তু টানা ব্যর্থতায় এখন অনেকের মনেই ফিরে আসছে ২০১৮ সালের দুঃস্বপ্নের স্মৃতি।
এই হারের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও হাতছাড়া করেছে পঞ্জাব, তাদের সরিয়ে শীর্ষে উঠে এসেছে হায়দরাবাদ।
ম্যাচ শেষে হতাশ শ্রেয়স আইয়ার বলেন,
''শুরুতেই আমরা ক্যাচ ফেলেছি, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। উইকেট ধীরে ধীরে স্লো হচ্ছিল। ওরা দারুণ ক্রিকেট খেলেছে এবং কীভাবে ম্যাচ জিততে হয়, সেটা দেখিয়ে দিয়েছে।''
হায়দরাবাদের ইনিংসের শুরু থেকেই ফিল্ডিং বিভ্রাটে ভুগেছে পঞ্জাব। বিশেষ করে ঈশান কিষান এবং হেনরিক ক্লাসেনের ক্যাচ মিস ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ঈশানকে দু'বার জীবনদান করে পঞ্জাব শিবির। প্রথমে অষ্টম ওভারে ক্যাচ ফেলেন কুপার কনোলি, পরে একাদশ ওভারে সুযোগ নষ্ট করেন লকি ফার্গুসন। তবে সবচেয়ে হতাশ করেছেন শশাহ্ক সিং, যিনি ক্লাসেনের গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেন। এরপরই ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায় পঞ্জাবের।
ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড। পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলে পঞ্জাবের বোলারদের উপর চাপ বাড়িয়ে দেন তাঁরা। এরপর ইশানের ঝোড়ো অর্ধশতরান এবং ক্লাসেনের বিধ্বংসী ইনিংস হায়দরাবাদকে ২০০ রানের গণ্ডি পার করায়।
দলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শ্রেয়স আরও বলেন,''টুর্নামেন্টের শুরুটা আমাদের খুব ভাল ছিল। সবাই আত্মবিশ্বাসী ছিল। কিন্তু এই ফর্ম যদি চলতে থাকে, তাহলে সেটা আমাদের সাহায্য করবে না।''
শুরুটা ভাল হলেও ছন্দ নষ্ট হচ্ছে পঞ্জাবের, আশা হারাচ্ছেন শ্রেয়স















