আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে। পরিবর্তে অধিনায়ক করা হতে পারে শ্রেয়স আইয়ারকে। যিনি আইপিএলে স্বপ্নের ফর্মে আছেন। আর সূর্যর ব্যাটে একেবারেই রান নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এমনই ভাবনাচিন্তা করছে।


টি–২০ দলে তরুণ ক্রিকেটারদের সংখ্যা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে। এটা ঘটনা, আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে যথেষ্ট প্রভাব ফেলেছেন শ্রেয়স। এর পাশাপাশি আইপিএলের পর টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজ রয়েছে। ওই দুই সিরিজে বেশ কিছু তরুণকে সুযোগ দেওয়া হতে পারে। যারা আইপিএলে যথেষ্ট ভাল খেলছেন। তালিকায় বৈভব সূর্যবংশীর নামও রয়েছে।


এদিকে, এক রিপোর্টে দাবি করা হয়েছে, সূর্যকুমারের ব্যাটিং ফর্ম নিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছেন নির্বাচকরা। আর এই মুহুর্তে শ্রেয়সকেই নেতা হিসেবে ভাবছেন নির্বাচকরা। প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র ব্যাটার হিসেবে সূর্যকে দলে রাখা হবে কিনা। যা খবর, তাতে দল থেকেই বাদ পড়তে পারেন সূর্য।
এটা ঘটনা, টিম ইন্ডিয়া টি–২০ ফর্ম্যাটে ভাল খেললেও সূর্যর ফর্ম চিন্তায় রাখার মতোই।

আইপিএলেও তিনি রানে নেই। ১০ ম্যাচে করেছেন মাত্র ১৯৫। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, সূর্য বেশ কিছুদিন ধরেই কবজির চোটে ভুগছেন। ব্যথা ও অস্বস্তি নিয়েই তিনি খেলে যাচ্ছেন। 
প্রসঙ্গত, রোহিতের পর টি–২০ অধিনায়ক হয়েছিলেন সূর্য। তাঁর নেতৃত্বে দল এশিয়া কাপ ও টি–২০ বিশ্বকাপ জিতেছে। কিন্তু এখন তাঁর অধিনায়কত্ব সংশয়ে।