আজকাল ওয়েবডেস্ক: শাকিব আল হাসানকে আবার বাংলাদেশ দলে দেখতে চান হাবিবুল বাশার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক প্রধান হয়েছেন বাশার। আর দায়িত্ব নিয়েই তিনি শাকিবকে দলে ফেরাতে চান। বাশার চান, ২০২৭ বিশ্বকাপ অবধি শাকিব বাংলাদেশের হয়ে খেলুন।
হাসিনা সরকারের আমলে আওয়ামি লিগের সাংসদ ছিলেন শাকিব। কিন্তু তার উপর একাধিক অভিযোগ তুলেছিল অন্তর্বর্তী সরকার। ২০২৪ থেকেই আমেরিকায় থাকেব শাকিব। দেশের হয়ে আর খেলা হয়নি।
এখন পরিস্থিতি বদলেছে। বাংলাদেশে নতুন সরকার এসেছে। সেই সরকার এসেই হাবিবুল বাশারকে বিসিবি’র নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসিয়েছে। আর এরপরেই শাকিবের দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী ১৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজে হয়ত শাকিবের ফেরা হবে না। কারণ হাতে সময় নেই। বাশারের কথায়, ‘নিউজিল্যান্ড সিরিজের আগে আমাদের হাতে সত্যিই আর সময় নেই। শাকিব এই মুহূর্তে খেলার মতো অবস্থায় আছে কিনা সেটাও জানি না। আর শাকিব আজ এসেই কাল মেঠে নেমে পড়বে এই পরিস্থিতিও নেই।’
বাশার বলেছেন, ‘শাকিবের প্রস্তুতিও দরকার। এখানে আবেগের জায়গা নেই। শাকিবকে আমরা দীর্ঘসময়ের জন্য ফেরাতে চাইছি। তাই তাড়াহুড়ো করব না।’
এটা ঘটনা, দেশের হয়ে এখনও টেস্ট খেলতে চান এই অলরাউন্ডার। বাশার বলেছেন, ‘কোনও একটা সিরিজ নয়। শাকিবকে অন্তত ২০২৭ বিশ্বকাপ অবধি চাইছি।’
এদিকে, আইপিএলের জন্য অবশেষে দিল্লি ডেয়ারডেভিলস দলে যোগ দিলেন লোকেশ রাহুল। দিল্লি ক্যাপিটালসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, অরুণ জেটলি স্টেডিয়ামে ঢুকছেন লোকেশ রাহুল। পিচের সামনে গিয়ে কান্তারা ছবির দৃশ্যের ঢঙে নাচ করতেও দেখা গিয়েছে রাহুলকে। প্রসঙ্গত, গতবার আরসিবিকে হারানোর পর এই ঢঙে সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল রাহুলকে। ওই ম্যাচে ৫৩ বলে ৯৩ রান করেছিলেন রাহুল।
