আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক হিসেবে দেশকে জিতিয়েছেন ১৯৯২ বিশ্বকাপ। সেই ইমরান খানই এখন জেলে। অন্ধ হতে বসেছেন তিনি। অসুস্থ ইমরান খানের চিকিৎসা যেন যথাযথভাবে হয়, সেজন্য আর্জি জানালেন প্রাক্তন পেসার ওয়াসিম আক্রাম। এমনকী সুনীল গাভাসকার, কপিল দেবের মতো ভারতীয় কিংবদন্তিরাও পাক সরকারের কাছে আবেদন করেছেন যেন ইমরানের প্রতি সঠিক আচরণ করা হয়।
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল জেলে অসুস্থ হয়ে পড়েছেন ইমরান। শোনা যাচ্ছে, ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান। তাঁর শারীরিক অবস্থা ঠিক কতটা গুরুতর, সেই নিয়ে পাক সরকার মুখে কুলুপ এঁটেছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ বলছে, কাপ্তানের জীবনের ঝুঁকি রয়েছে।
এই অবস্থায় ইমরান খানের দুই বোন উজমা ও আলিমা খান পিসিবি প্রধান মহসিন নকভির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন। তাঁদের দাবি, মহসিন নকভি দুই বোনকে হুমকি দিয়ে বলেছেন, আসিম মুনির জেলে ইমরান খানকে খুন করতে চান। উজমা বলেছেন, ''মহসিন নকভি আমাদের হুমকি দিয়েছেন। ওরা রক্তের স্বাদ পেয়ে গিয়েছে। ইমরান খান বা আমাদের যদি কিছু হয়, তাহলে আমার কথা মিলিয়ে রাখুন, আমরা কিন্তু ছেড়ে কথা বলব না।''
ইমরান নিজেও মহসিন নকভির বিরুদ্ধে ৩৫ লক্ষ টাকা চুরির অভিযোগ এনেছেন। কাপ্তানের জমানায় পাকিস্তান ক্রিকেটকে সবাই সমীহ করতেন। কিন্তু সেই পাকিস্তান এখন অতীতের ছায়া। ভারতের বিরুদ্ধে লাগাতার হারছে। ভারত ও পাকিস্তানের মুখোমুখি সাক্ষাতের ফলাফল এখন ৮-১।
পাঁচটি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক যৌথভাবে চিঠি লিখেছেন পাক সরকারকে। গাভাসকার–কপিল ছাড়াও সেখানে সই করেছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইটরা। তাঁদের বক্তব্য, ‘ক্রিকেটদুনিয়ায় ইমরান একজন কিংবদন্তি। তাঁর চিকিৎসা এবং অন্যান্য ইস্যুতে যেসব খবর শোনা যাচ্ছে সেটায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা তাঁর বিরুদ্ধে খেলেছি, আবার তাঁকে আদর্শও মেনেছি। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, মানুষের ভোটে জিতে গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।’
