আজকাল ওয়েবডেস্ক: বিক্রি হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রেকর্ড দরে। মঙ্গলবার ১৬০০০ কোটির বেশি অর্থে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজিকে কিনল আদিত্য বিড়লা গ্রুপ পরিচালিত কনসর্টিয়াম। এর অঙ্গ কুমার মঙ্গোলাম বিড়লার আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, ডেভিড ব্লিটজার্সের বোল্ট ভেঞ্চার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট। আরসিবির একশো শতাংশ শেয়ার কিনল এই গ্রুপ। আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা চেয়ারম্যান হবে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার সত্যেন গাজওয়ানি ভাইস চেয়ারম্যানের ভূমিকা পালন করবেন। 

একটি বিবৃতিতে কুমার মঙ্গোলাম বিড়লা বলেন, 'গত দুই দশকে গ্লোবাল স্পোর্টিং পাওয়ারহাউজ হয়ে উঠেছে আরসিবি। যা ভারতীয় ক্রিকেটকে অনেকটাই বদলে দিয়েছে। আধুনিক ক্রীড়াজগতে অন্যতম উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি। এবার সেটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আদিত্য বিড়লা গ্রুপের। আমরা এই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে চাই।' 

প্রসঙ্গত, এদিনই বিক্রি হয়ে যায় রাজস্থান রয়্যালস। প্রায় ১৫ হাজার ২৮৬ কোটি টাকায়। আমেরিকা নিবাসী শিল্পপতি কাল সোমানি কিনে নিয়েছেন রাজস্থান ফ্রাঞ্চাইজির ১০০ শতাংশ শেয়ার। জানা গিয়েছে কাল সোমানির কনসর্টিয়াম কিনে নিয়েছে এই ফ্রাঞ্চাইজি। গত বছরই রাজস্থান রয়্যালস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন বর্তমান মালিক গোষ্ঠী। তারপর থেকেই বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে যায়। বেশ কয়েকটি গোষ্ঠী আগ্রহও প্রকাশ করেছিল। শেষ পর্যন্ত কিনে নিল কাল সোমানির কনসর্টিয়াম। কাল সোমানির নেতৃত্বাধীন কনসর্টিয়ামে রয়েছেন আমেরিকার আরও দুই ব্যবসায়ী। ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার।