আজকাল ওয়েবডেস্ক:‌ ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে দ্বিপাক্ষিক সিরিজ হার। কলম্বোয় শেষ একদিনের ম্যাচ ভারত হেরেছে ১১০ রানে। রোহিত ছাড়া কোনও ব্যাটার রান পাননি। যদিও এই সিরিজ হারকে বড় করে দেখতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, একটা সিরিজ হার নিয়ে এতটা বিচলিত হওয়ার কিছু নেই। আমি চিন্তিতও নই। রোহিতের কথায়, ‘‌আমার মনে হয় না এই হার নিয়ে এত চিন্তার কিছু আছে। এটাকে বড় করে দেখছি না। এটিকে অন্যরকম গেমপ্ল্যান হিসেবে দেখছি। মাথায় রাখতে হবে ভারতের হয়ে যখন খেলছেন, তখন আত্মতুষ্ট হলে চলবে না। আর আমি অধিনায়ক হলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। তবে শ্রীলঙ্কা ভাল ক্রিকেট খেলেছে। কৃতিত্ব দিতেই হবে। আমরা পরিস্থিতি অনুযায়ী দল নিয়ে গিয়েছিলাম। অনেক ক্রিকেটারকেই দেখা দরকার ছিল। তাই দলে বেশ কিছু পরিবর্তনও করা হয়েছিল। টুর্নামেন্টে বেশ কিছু ইতিবাচক দিক আমাদের জন্য দেখা গেছে। মাথায় রাখতে হবে একটা সিরিজ হারই শেষ নয়। গুরুত্বপূর্ণ কীভাবে আপনি ফিরে আসবেন।’‌ 



প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচটি টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভারত হেরে যায় ৩২ রান। আর শেষ ম্যাচে হার ১১০ রানে। ২৪৯ রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে। 
টি২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ওয়ানডে সিরিজে ভারত যে এভাবে মুখ থুবড়ে পড়বে, তা বোধহয় স্বপ্নেও ক্রিকেট ভক্তরা ভাবতে পারেননি।