আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলি অবসর ঘোষণা করার পরপরই টি-২০ ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। জানান, এবার নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দিতে চান। অতীতে অবসর ভেঙে মাঠে ফিরতে দেখা গিয়েছে একাধিক প্লেয়ারকে। কিন্তু সেই তালিকায় থাকতে চান না রোহিত। ভারতের নেতা জানিয়ে দেন, সেই পরিকল্পনা নেই তাঁর। কোনওভাবেই আর টি-২০ তে ফিরবেন না তিনি। রোহিত মনে করেন, ক্রিকেটারদের অবসর নেওয়া একটা হাস্যকর জায়গায় পৌঁছে গিয়েছে। কারণ একাধিক ক্ষেত্রেই তাঁদের অবসর ভেঙে ফিরতে দেখা যায়। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'বিশ্ব ক্রিকেটে অবসর নেওয়া হাস্যকর জায়গায় পৌঁছে গিয়েছে। ক্রিকেটাররা অবসর ঘোষণা করার পরও সেটা ভেঙে আবার ক্রিকেটে ফেরে। যদিও সেটা ভারতে এখনও হয়নি। তবে অন্যান্য দেশের ক্ষেত্রে এরকম প্রায়ই হয়। ওরা অবসর নেয়, তারপর ইউ টার্ন নিয়ে আবার ক্রিকেটে ফেরে। তাই বোঝা যায় না আদৌ তাঁরা অবসর নিয়েছে কিনা। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। এই বিষয়ে আমি নিশ্চিত। টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোর সেটাই সেরা সময় ছিল।' 

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং মানসিক ক্লান্তির কারণ দেখিয়ে ২০২২ সালে একদিনের ক্রিকেট থেকে অবসর নেন বেন স্টোকস। কিন্তু আচমকা ইউ টার্ন মেরে ভারতে বিশ্বকাপ খেলতে আসেন। একই ঘটনা মহম্মদ আমিরের। কয়েক বছর আছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। কিন্তু অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে ফেরেন পাকিস্তানের পেসার। প্রত্যেকটি গ্রুপ ম্যাচ খেলেন তিনি। কিন্তু সেই পথের পথিক হতে চান না রোহিত। তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ায় বিশ্বাসী ভারত অধিনায়ক। তিনি মনে করেন যশস্বী জয়েসওয়াল, সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের সব ফরম্যাটে খেলার ক্ষমতা আছে। রোহিত মনে করেন, তাঁদের দিকে বিশেষ নজর দেওয়া হলে, এবং ভালভাবে তৈরি করা গেলে, দেশের সেরা প্লেয়ার হওয়ার ক্ষমতা আছে এই তিনজনের।