আজকাল ওয়েবডেস্ক: কয়েকমাস আগে যা অসম্ভব মনে হয়েছিল, সেটাই আবার বাস্তবে পরিণত হল। আবার একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়াকে। দু'জনকেই রিটেন করল মুম্বই ইন্ডিয়ান্স। এছাড়াও রাখা হয়েছে  বুমরাহ, সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মাকে। 

মুম্বইয়ের রিটেনশন লিস্ট প্রকাশিত হওয়ার পরে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''মুম্বইয়ের হয়ে আমি অনেক খেলেছি। এখানেই আমার ক্রিকেট জীবন শুরু হয়েছিল। এই শহর আমার কাছে সব অর্থেই স্পেশ্যাল। দীর্ঘসময় ধরে খেললে অনেক স্মরণীয় মুহূর্ত থাকে। অনেক স্মৃতি জড়িয়ে থাকে দলের সঙ্গে।'' রোহিতেরও সেরকমই স্মৃতি রয়েছে।

কয়েকদিন আগেও শোনা গিয়েছিল রোহিত শর্মা মুম্বই ছাড়বেন। ঘনিষ্ঠ মহলে সেটা জানিয়েছিলেন হিটম্যান। কিন্তু টি-২০ বিশ্বকাপ জয় রোহিত এবং হার্দিকের সম্পর্কের রসায়ন বদলে দিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত অধিনায়ককে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গিয়েছিল হার্দিককে। সেই থেকেই বোধহয় দুই তারকা ক্রিকেটারের মধ্যে আবার একটা সমঝোতা হয়। আবার একই দলে খেলতে রাজি হয়ে যায় দু'জনেই। 

২০২০ সালে রোহিতের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। তার পর থেকে বিশেষ সাফল্য নেই তাদের। আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ভাল করবে বলেই আশাবাদী হিটম্যান। তিনি বলছেন, ''গত দু-তিন বছর সময়টা ভাল যায়নি মুম্বইয়ের। কিন্তু পরিস্থিতি বদলানোর জন্য আমরা বদ্ধপরিকর।'' 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত। চতুর্থ পছন্দের প্লেয়ার হিসেবে তাঁকে রাখা হয়েছে। রোহিত বলছেন, ''যেহেতু আমি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছি, ফলে এটাই সব দিক থেকে আমার সেরা রিটেনশন স্পট। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে যারা, তাদের সুবিধা দেওয়া উচিত। আমি এতে খুব খুশি।''