আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের যন্ত্রণাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জয়ের অন্যতম প্রেরণা হয়ে উঠেছিল। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত জানান, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ থেকে বের করে দেওয়াটাই মূল লক্ষ্য ছিল। ভারতীয় ড্রেসিংরুমে এই নিয়ে কথাও হয়েছিল ক্রিকেটারদের মধ্যে। তাঁর বক্তব্য, ‘১৯ নভেম্বর অস্ট্রেলিয়া আমাদের এবং দেশের সমস্ত মানুষের রাতটা নষ্ট করে দিয়েছিল। তাই আমরাও ওদের জন্য একটা উপহার ভেবেছিলাম। এমন কথা আমাদের ড্রেসিংরুমে হয়েছিল’।
রোহিত বলেন, ‘আমরা জানতাম যদি এই ম্যাচটা জিতি, তাহলে অস্ট্রেলিয়া ছিটকে যাবে। সেই ভাবনা নিয়েই খেলতে নেমেছিলাম’। প্রসঙ্গত, ২০২৩ সালের ফাইনালে আহমেদাবাদে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওডিআই বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সেই হার ভারতের ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে প্রবল হতাশা ছড়িয়েছিল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়াকে হারানোর পরই ঘুরে দাঁড়ায়, এবং সেই জয়ই টুর্নামেন্টে তাদের আত্মবিশ্বাসের চালিকাশক্তি হয়ে ওঠে।
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে রোহিত শর্মার দল। এখানেই শেষ নয়। চলতি বছর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে ফের হারায় টিম ইন্ডিয়া। নক আউটে অস্ট্রেলিয়া এবং ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন রোহিত শর্মারা। তবে রোহিত জানান, এই সমস্ত আলোচনা শুধুমাত্র ড্রেসিংরুমেই সীমাবদ্ধ ছিল। ক্রিকেটাররা মাঠে যখন খেলতে নেমেছিলেন তখন তাঁরা মন দিয়েছিলেন শুধুমাত্র ম্যাচেই। উল্লেখ্য, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা।
















