আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। কিন্তু তার আগেই ধাক্কা খেল ভারত। সিরিজের প্রথম দুটোর মধ্যে একটি টেস্টে পাওয়া যাবে না রোহিত শর্মাকে। প্রথম বা দ্বিতীয় টেস্টে অধিনায়ক ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে। ব্যক্তিগত কারণের জন্য বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়েছেন রোহিত। কিন্তু কারণ এখনও জানা যায়নি। পাশাপাশি নির্দিষ্ট কোন টেস্টে পাওয়া যাবে না সেটাও জানা যায়নি। বোর্ডের এক কর্তা বলেন, 'রোহিত ঠিক কেন খেলতে পারবে না তার নির্দিষ্ট কারণ বোর্ড জানে না। ও শুধু জানিয়েছে ব্যক্তিগত কারণে দুই টেস্টের কোনও একটা টেস্টে ও খেলবে না। তবে সিরিজ শুরু হওয়ার আগে সমস্যার সমাধান হয়ে গেলে সবগুলো টেস্টেই খেলবে বলে জানিয়েছে। কিছু দিনের মধ্যেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।' 

বাংলাদেশের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজেও অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কিন্তু যদি শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে রোহিত না খেলতে পারে, তাহলে কে নেতৃত্ব দেবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত অধিনায়কের অনুপস্থিতিতে দায়িত্ব থাকে তাঁর ডেপুটির ওপর। কিন্তু বাংলাদেশে সিরিজে ভারতের কোনও সহ অধিনায়ক ছিল না। তবে এবার পরিস্থিতির বিচারে নিউজিল্যান্ড সিরিজের আগেই রোহিতের ডেপুটির নাম ঘোষণা করা হতে পারে। সেই তালিকায় রয়েছেন শুভমন গিল, যশপ্রীত বুমরা এবং ঋষভ পন্থ। রোহিত একটা টেস্টে না খেললে অস্ট্রেলিয়া সিরিজেও তাঁকেই সংশ্লিষ্ট টেস্টে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।