আজকাল ওয়েবডেস্ক: রবার্ট লেভানডস্কি চলতি মরশুম শেষে বার্সেলোনা ছাড়ছেন। ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার। 

চার মরশুম বার্সেলোনায় কাটিয়ে বিদায় নিচ্ছেন লেভানডস্কি। এই সময়ের মধ্যে তিনি ক্লাবটির হয়ে তিনটি লা লিগা, তিনটি  স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন। বার্সায় নিজের সময়কে চ্যালেঞ্জিং ও কঠোর পরিশ্রমে ভরা বলে উল্লেখ করেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওবার্তায় লেভানডস্কি লেখেন, ''চার মরশুমে তিনটি লিগ জয়ের পর আমি লক্ষ্যপূরণের অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছি। এখন এগিয়ে যাওয়ার সময়।'' 
তিনি ক্লাবের সমর্থক-সহ পুরো বার্সা পরিবারকে ধন্যবাদ জানান এবং বলেন,''বার্সা যেখানে থাকার যোগ্য, সেখানেই ফিরে এসেছে। ভিসকা এল বার্সা, ভিসকা কাতালুনিয়া।''

আগামী ম্যাচই হতে পারে ক্যাম্প ন্যুতে তাঁর শেষ ম্যাচ। ঘরের মাঠে রিয়াল বেটিসের বিরুদ্ধে লা লিগা ম্যাচটি হতে চলেছে তাঁর বিদায়ী ম্যাচ। এরপর ২৩ মে ভ্যালেনসিয়ার বিরুদ্ধে মরশুমের শেষ ম্যাচেও তাঁকে দেখা যেতে পারে।

লেভানডস্কি কোথায় যাচ্ছেন তা স্থির নয়। ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি।