আজকাল ওয়েবডেস্ক: আরও একটি পালক যুক্ত হতে চলেছে ঋষভ পন্থের মুকুটে। এলিট ক্লাবে প্রবেশ করতে চলেছেন তিনি। ভিজিটিং ব্যাটার হিসেবে নয়া নজিরের হাতছানি। ডন ব্র্যাডম্যান, রাহুল দ্রাবিড় এবং ব্রায়ান লারার তালিকায় প্রবেশ করার সুযোগ রয়েছে ২৬ বছরের উইকেটকিপার ব্যাটারের সামনে। মাত্র একটি শতরান করলেই এই তালিকায় প্রবেশ করবেন। লিডস টেস্টে ১৩৪ এবং ১১৮ রান করেন পন্থ। দুর্দান্ত স্ট্রোক প্লে। ভারত হারলেও তাঁর ব্যাটিং সবার নজর কেড়েছে। ভারতীয় উইকেটকিপার ব্যাটারের অন্যতম সেরা ইনিংস। ইংল্যান্ডের মাটিতে ১০ টেস্টে ৮০৮ রান পন্থের। তারমধ্যে রয়েছে চারটে সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে তাঁর সর্বোচ্চ রান ১৪৬। 

এজবাস্টনে শতরান করলে সপ্তম ভিজিটিং ব্যাটার হিসেবে ইংল্যান্ডে পরপর তিনটে টেস্টে সেঞ্চুরি করবেন ঋষভ। এই তালিকায় রয়েছেন ডন ব্র্যাডম্যান, ওয়ারেন বার্ডস্লে, চার্লস ম্যাকার্টনি, ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড়, এবং ড্যারেল মিচেল। একমাত্র ভারতীয় হিসেবে এই নজির রয়েছে দ্রাবিড়ের। ২০০২ সালে এই কীর্তি স্থাপন করেছিলেন দ্য ওয়াল। ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শতরান করার নজির পন্থের। 'সেনা' দেশগুলোতেও এশিয়ান হিসেবে রেকর্ড রয়েছে ভারতীয় উইকেটকিপার ব্যাটারের।