আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দারুণভাবে প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া। এর জন্য গৌতম গম্ভীরকে বাহবা দিলেন রিকি পন্টিং। সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে ফিরিয়ে আনার চাল সুপারহিট। প্রোটিয়াদের কাছে লজ্জার হারের পর আবার সঞ্জুকে দলে ফেরানো হয়। জিম্বাবোয়ে ম্যাচে ওপেনিংয়ে ফেরেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। তারপর স্বপ্নের দৌড়। কার্যত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে এবং ফাইনালে অপরাজিত ৯৭, ৮৯ এবং ৮৯ রান করে টুর্নামেন্টের সেরা হন। পন্টিং সরাসরি জানিয়ে দিলেন, এই চালই ভারতের জয়ে টার্নিং পয়েন্ট।
পন্টিং বলেন, 'এটা বড় সিদ্ধান্ত। ঈশানকে ওয়ান ডাউনে নামিয়ে সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে নিয়ে আসা। এই চাল কার্যকরী হয়েছে। আমি প্লেয়ার, কোচ এবং প্রাক্তন অধিনায়ক হিসেবে জানাচ্ছি, একজন প্লেয়ারের অধিনায়ক এবং কোচিং স্টাফের সমর্থন দরকার। কখনও পিঠ চাপড়ে দেওয়া বা কাঁধে হাত রেখে বার্তা কাজ করে। অধিনায়ক যদি বলে, আমরা তোমার ওপর আস্থা রাখছি, আমাদের তোমার ওপর বিশ্বাস আছে, আমাদের মনে হয়, এই ভূমিকার জন্য তুমিই আদর্শ। একজন প্লেয়ার এটাই শুনতে চায়।'
শেষ তিনের মধ্যে দুটোতেই ম্যাচের সেরা হন সঞ্জু। ৫ ম্যাচে ৩২১ রানে শেষ করে টুর্নামেন্টের সেরা হন সঞ্জু। স্ট্রাইক রেট প্রায় ২০০ র কাছাকাছি। পন্টিং স্পষ্ট জানান, টি-২০ ক্রিকেটের ইতিহাসে এই ভারতীয় দল সবচেয়ে শক্তিশালী। পন্টিং বলেন, 'এই বিষয়ে কোনও দ্বিমত নেই। শুধুমাত্র টি-২০ নয়, গত পাঁচ-ছয় বছরে সাদা বলের আইসিসি টুর্নামেন্টে ভারতের রেকর্ড নজরকাড়া।' সচরাচর ভারতের এত ভূয়সী প্রশংসা করেন না পন্টিং। কিন্তু টি-২০ বিশ্বকাপে এমন পারফরম্যান্সের পর চুপ করে থাকতে পারেননি।
