আজকাল ওয়েবডেস্ক: এবার আইপিএলে সাত নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে? জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওয় দেখা গেছে, ধোনির গায়ে সাত নম্বর জার্সি নেই।
মহেন্দ্র সিং ধোনির ফেসবুক অ্যাকাউন্ট থেকেই সেই ভিডিওটি শেয়ার করায় আরও জল্পনা ছড়িয়েছে। এটা ঘটনা, জাতীয় দলে খেলার সময় থেকেই সাত নম্বর জার্সি পড়েন ধোনি। আইপিএলেও তার ব্যতিক্রম হয়নি।
ওই ভিডিওয় দেখা গেছে, ধোনি যে জার্সি পড়েছেন সেটি আট নম্বর। এই কারণেই জল্পনা আরও ছড়িয়েছে। এটা ঘটনা, ধোনির সাত নম্বর জার্সি পরার কারণ ছিল সেটি তাঁর জন্মদিনের সঙ্গে জড়িত।
এদিকে, ২০২৩ সালেই ধোনির সেই সাত নম্বর জার্সি অবসরে চলে যায়। ভারতীয় ক্রিকেট বোর্ড মাহিকে বিশেষ সম্মান দিয়ে জানায় যে জাতীয় দলে এই জার্সি আর কেউ পড়বেন না।
এদিকে, আইপিএল থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। এমনটাই শোনা গিয়েছিল। তবে কেকেআরের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। এখন জানা যাচ্ছে, আইপিএলের বেশিরভাগ অংশটাই খেলতে পারবেন না রানা।
হাঁটুর চোটে জেরবার রানা। রবিবার দিল্লিতে বোর্ডের পুরস্কার অনুষ্ঠানে ক্র্যাচ নিয়ে এসেছিলেন। হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। টি–২০ বিশ্বকাপের আগেই এই চোটটা পেয়েছিলেন রানা। যার ফলে বিশ্বকাপ খেলা হয়নি। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট জানিয়েছে, বোর্ড এখনও হর্ষিত রানার ফেরার বিষয়ে কিছু বলেনি। টি–২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে লিগামেন্ট ও হাঁটুতে চোট পেয়েছিলেন রানা। যা এখনও সারেনি। রিহ্যাব চলছে রানার।
ওই ওয়ার্ম আপ ম্যাচে মাত্র একটা ওভার করেছিলেন রানা। তারপরেই চোটের জন্য ছিটকে যান। তাঁর পরিবর্তে দলে আসেন মহম্মদ সিরাজ।
গত রবিবার সেরা প্রতিশ্রুতিমান অভিষেককারীর পুরস্কার পেয়েছেন রানা। সেই অনুষ্ঠানে ছিলেন তিনি। এদিকে, বুধবার থেকে প্রি–সিজন শুরু করছে কলকাতা। রানা না থাকায় কেকেআরের পেস আক্রমণে আছেন বৈভব অরোরা, আকাশদীপ, উমরান মালিক, কার্তিক ত্যাগী, ক্যামেরুন গ্রিন ও রমনদীপ সিং।
