আজকাল ওয়েবডেস্ক: কয়েকটা বছর ভাল যায়নি। এবার আইপিএলে নতুন করে ফিরে আসতে চাইছে চেন্নাই সুপার কিংস। দল নতুন করে গড়ে তোলা হয়েছে। বেশ কিছু তরুণ ও ভাল ক্রিকেটার নেওয়া হয়েছে। সঞ্জু এসেছেন। দুবে আছেন। আছেন রুতুরাজ। এবং অবশ্যই ধোনি।
যদিও ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে আলোচনা রয়েছে। কিছুদিন আগেই সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছিলেন, এবারের আইপিএলে ধোনি হয়ত সব ম্যাচই খেলবে। তবে উইকেটকিপার ধোনিকে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে কিছু বললেনি বিশ্বনাথন। যদিও সূত্রের খবর, এবার উইকেটের পিছনে দেখা যাবে সঞ্জুকে।
এটা ঘটনা পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এখন ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০২৪ থেকে অধিনায়ক আছেন রুতুরাজ। যদিও গতবার রুতুরাজ চোট পাওয়ার পর ধোনির হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল।
যদিও ধোনির ভূমিকা এখন অনেকটাই বদলেছে। ব্যাটিং অর্ডারে অনেক পরে আসছেন। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য উইকেটের পিছনেও বড় একটা দেখা যায় না। যদিও প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া চাইছেন, ধোনিকেই নেতার দায়িত্ব দেওয়া উচিত। তিনি বলেছেন, ‘আমি তো বলব ধোনি খেললে তাঁকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত। ধোনি যদি ২০ ওভার উইকেটের পিছনে থাকতে পারে তাহলে সারাক্ষণই মাঠে থাকবে। ধোনি ছাড়া যোগ্য এই চেন্নাই দলে আর কে আছে?’ আকাশ আরও যোগ করেছেন, ‘আমার তো মনে হয় ধোনির সেরাটা বের করে আনতে চাইলে ওকে অধিনায়ক করা উচিত।’
তবে আকাশ চোপড়া এটাও বলেছেন, এটাই সম্ভবত ধোনির শেষ আইপিএল মরশুম। কারণ দলে স্যামসন রয়েছে। সম্ভবত সঞ্জুকেই উইকেটের পিছনে দেখা যাবে। আকাশের কথায়, ‘ডাগআউটে বসে তো আর দল চালানো যায় না। আর ধোনির মধ্যে ম্যাচ পড়ে নেওয়ার ক্ষমতা আছে। আমি তো বলব ধোনিকেই দায়িত্বটা ফের দেওয়া উচিত।’
