আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিজয়রথ চলছে। ম্যান সিটিকে উড়িয়ে দল চলে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। এবার মাদ্রিদ ডার্বিতেও এল জয়।
রবিবার রাতে রিয়াল লা লিগায় হারিয়ে দিল প্রতিবেশি অ্যাটলেটিকো মাদ্রিদকে। জোড়া গোল করে দলকে জেতালেন ভিনিসিয়াস। একটি গোল ফেদেরিকো ভালভার্দের। বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে চার পয়েন্ট হয়েছে। এদিকে, মেজর লিগ সকারে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিওনেল মেসি।
এটা ঘটনা, রবিবার প্রথমার্ধে অ্যাটলেটিকোকে এগিয়ে দিয়েছিলেন আদেমোলা লুকম্যান। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ভিনিসিয়াস এবং ভালভার্দে এগিয়ে দেন রিয়ালকে। অ্যাটলেটিকোর হয়ে সমতা ফেরান নাহুয়েল মোলিনা। যদিও শেষ রক্ষা হয়নি। ভিনিসিয়াস আবার গোল করে এগিয়ে দেন রিয়ালকে। সেই ফলই বজায় থাকে। শেষ দিকে আলেক্স বায়েনাকে ফাউল করে লাল কার্ড দেখেন ভালভার্দে।
ম্যাচের পর ভিনিসিয়াস জানিয়েছেন, ‘প্রতিদিন উন্নতি করছি, কঠোর পরিশ্রম করছি। যাতে মাদ্রিদ সমর্থকদের রোজ আনন্দ দিতে পারি। জয়ের কৃতিত্ব সকলের। কোচ থেকে সতীর্থ থেকে সমর্থক, সবাই পাশে না থাকলে জিততে পারতাম না। নির্দিষ্ট পরিকল্পনার কারণেই জয় এসেছে।’
এদিকে, বার্সিলোনা আগেই হারিয়েছিল রায়ো ভায়েকানোকে। ম্যাচের একমাত্র গোল করেন রোনাল্ড আরাউখো। আপাতত ২৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৩। সমসংখ্যক ম্যাচে ৬৯ পয়েন্ট রিয়ালের। তিনে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৫৮। অ্যাটলেটিকোর পয়েন্ট ৫৮।
গোল পেয়েছেন মেসিও। ফুটবলজীবনের ৯০১ তম গোল করেছেন তিনি। রবিবার রাতে নিউইয়র্ক সিটিকে ৩–২ গোলে হারিয়েছে মায়ামি। ৬১ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন মেসি।
